‘আমি ধানমন্ডিতে, ‘আব্বু-আম্মু পুরান ঢাকায়’
বিনোদন ডেস্ক।। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রায় ২ কোটি নতুন ভোটার প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার কাছে ভোটের দিনটি সকাল থেকেই উৎসবের মতো লাগছে। রবিবার ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার কথা রয়েছে ঢাকা-১০ আসনের ভোটার ভাবনার।
প্রথমবার ভোট দেয়া নিয়ে উচ্ছ্বসিত ভাবনা গণমাধ্যমকে বললেন, ‘প্রথম ভোট দেবো! ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অস্থির হয়ে আছি। এরমধ্যে আব্বু (নাট্যকার ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব) আমার ভোটকেন্দ্রের খবর নিয়েছেন। তিনিই সকাল সকাল আমাকে কেন্দ্রে নিয়ে যাবেন, কথা দিয়েছেন।’ তবে প্রথমবারের ভোটটি বাবা-মায়ের সঙ্গে গিয়ে দিতে পারলে ভাবনার আরও ভালো লাগতো। কিন্তু সেই সুযোগ নেই।
ভাবনা বললেন, ‘আব্বু-আম্মু পুরান ঢাকায়, আমি ধানমন্ডির ভোটার! আর ছোট বোন এখনও ভোটারই হয়নি। তবে ইচ্ছে আছে আমার ভোট দেওয়া শেষ হলে আব্বু-আম্মুর সঙ্গে পুরান ঢাকায় তাদের কেন্দ্রে যাওয়ার।’ এবারের নির্বাচনে ও ভোটের দিনে নিজের প্রত্যাশার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি চাই সবাই ভোটকে উৎসবে পরিণত করুক। সহিংসতা, প্রতিহিংসা, ভেদাভেদ ভুলে আনন্দ নিয়ে সবাই ভোটকেন্দ্রে আসুক। কারণ, আমার কাছে এ দিনটাকে ঈদের দিনের মতো লাগে।’




