243963

মৌলভীবাজারে ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী এম নাসের রহমানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এই ঘটনা ঘটে।এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসের রহমান বলেন, `জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ জাল ব্যালট পেপার পলিথিনে প্যাকেট করে পৌরসভায় ঢুকাচ্ছিলেন এমন খবর আসে আমার কাছে। বিষয়টি জেনে আমি সেখানে উপস্থিত হই। এ ব্যাপারে আমি জানতে চাইলে, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান আমাকে কোনো সদত্তর দিতে পারেননি।’

নাসের রহমান বলেন, ‘আমি সেখান থেকে ফেরার সময় পৌরসভার সামনে আসলে তার গ্রুপের সন্ত্রাসী শিমুলের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা আমার গাড়িতে হামলা চালায়। এতে আমার ব্যক্তিগত গাড়ি ও সাবেক এমপি খালেদা রাব্বানীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।’নাসের রহমানের অভিযোগ, ‘নির্বাচনে পৌর এলাকায় জাল ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তারা আগাম নকল ব্যালট এনে রেখেছে। ব্যাগে করে কি আনা হয়েছে জানতে চাইলে তারা নির্বাচনী পোস্টারের কথা বলেছেন। কিন্তু আমি দেখতে চাইলে তা দেখাতে পারেননি। এর মানে বুঝাই যাচ্ছে তারা আসলে কি চাচ্ছে।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান বলেন, ‘পৌরসভায় আমার কার্যালয়ে একটি শালিস ছিল তা শেষ করে নির্বাচন বিষয়ে নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে নাসের সাহেব তার দলবল নিয়ে এসে ব্যালটে সিল মারা হচ্ছে অভিযোগ করেন। যেখানে রিটার্নিং কর্মকর্তা এখনো কেন্দ্রে ব্যালট বিতরণ করেননি আমরা তা পাব কীভাবে? আসল কথা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তিনি পরিকল্পিতভাবে এই পরস্থিতি তৈরি করেছেন। আমার অফিস থেকে ফেরার পথে শুনেছি কারা তার গাড়িতে হামলা করেছে। সে ব্যাপারে আমি কিছু জানি না।’ সূত্র: দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত