কারাগারে থেকেই নির্বাচনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী শেষ পর্যন্ত কারগারে থেকেই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের একেবারে শেষ মহূর্তে এসে আসলাম চৌধুরীই এ আসনে বিএনপির প্রার্থী বলে নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তারা।ফলে আসলাম চৌধুরী এক দিনের জন্যও প্রচারণা চালাতে পারেননি। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের নৌকার সাথে নির্বাচনী লড়াই করবেন তিনি।জানা যায়, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থিতা চেয়ে আবেদন করেছিলেন মোট সাতজন। প্রাথমিকভাবে দল তিনজনকে মনোনয়ন দেন।
তারা হলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কারাবন্দী লায়ন আসলাম চৌধুরী এফসিএ, তার বড় ভাই উত্তর জেলা কৃষকদলের সভাপতি মো: ইসহাক চৌধুরী ও সাবেক আইজিপি এওয়াইবিআই ছিদ্দিকী। পরে যাচাইবাছাইকালে ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়।প্রার্থিতা ফিরে পেতে আসলাম চৌধুরী নির্বাচন কমিশনে আপিল করেন। এসময় দল মো: ইসহাক কাদেরকে ধানের শীষের প্রতীক বরাদ্দ দেয়।কিন্তু আসলাম চৌধুরী আইনি লড়াই চালিয়ে যেতে থাকেন। তার আবেদনের শুনানী শেষে নির্বাচন কমিশন উচ্চ আদালতে যাবার পরামর্শ দেন।
ইতোমধ্যে প্রতীক পেয়ে প্রচারণা শুরু করেন তার বড় ভাই মো: ইসহাক কাদের চৌধুরী। তার বক্তব্য ছিল- আইনি লড়াইয়ে যদি আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ বলে গণ্য হয় সেক্ষেত্রে নির্বাচন করবেন আসলাম চৌধুরীই। এ অবস্থায় প্রার্থিতা ও প্রতীক ফিরে পেতে আসলাম চৌধুরীর আইনজীবীরা আদালতে লড়াই চালিয়ে যেতে থাকেন।শেষ পর্যন্ত গত মঙ্গলবার তার প্রার্থিতা ও প্রতীক ফিরিয়ে দিতে আদালত নির্দেশ দিলে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীকেই চট্টগ্রাম-৪ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বলে ঘোষণা দেয়; কিন্তু প্রার্থিতার গেজেট প্রকাশ করলেও নির্বাচন কমিশন থেকে মো: ইসহাককে কোনো লিখিত কাগজপত্র দেয়া হয়নি। ফলে প্রার্থিতা নিয়ে ছিলো অনিশ্চয়তা।
প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসহাক চৌধুরী, কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিএনপির প্রার্থী হিসেবে আসলামের নাম থাকায় নেতাকর্মীরা সবাই বিভ্রান্তির মধ্যে পড়েন।এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: তফাজ্জল হোসেন বলেন, আমাদের সাথে নাটক করা হয়েছে। নির্বাচন কমিশন কখনো আসলাম চৌধুরীকে প্রার্থী বলছে, আবার কখনো বাতিল করে দিচ্ছে। সর্বশেষ আসলাম চৌধুরীকেই প্রার্থিতা দিয়ে গেজেট প্রকাশ করেছে।চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মিল্টন রায় বলেন, এ আসনে আসলাম চৌধুরীই বিএনপির চূড়ান্ত প্রার্থী। ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে তিনিই নির্বাচন করবেন।




