র্যাবের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
ফেনীর সোনাগাজী উপজেলায় অভিযান চালিয়ে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৭। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। র্যাবের দাবি, নাশকতার পরিকল্পনা করে নির্বাচন ভন্ডুল করতেই সন্ত্রাসীরা তৎপর হয়েছিল। আজ শনিবার ভোরে উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর চর-চান্দিয়া এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদে ভোরে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের রেখে যাওয়া শর্টগান ২টি, বিদেশি পিস্তল ৫০টি, রিভালবার ২টি, একটি ওয়ান শটারগানসহ বিভিন্ন ধরনের ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র্যাবের দাবি, সোনাগাজীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে এসব অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।




