243990

বিএনপি নেতাদের মুখে হতাশার সুর পরাজয় নিশ্চিত জেনে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতাদের মুখে এখন হতাশার সুর। তারা সম্ভবত ২০-৩০টির বেশি আসন পাবেন না জেনে নির্বাচনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছেন। তবে তাদের সব ধরনের সহিংসতার জবাব দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। বিএনপির দুই নেতার ফোনালাপের বিষয়ে শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে নোয়াখালীর বিশিষ্ট শিল্পপতি আল-আমিন গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন মির্জার জানাযায় অংশ নেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, শুরু থেকে নির্বাচনের বিষয়ে যে শঙ্কা ছিল তা এখন আর নেই। আকাশে মেঘ থাকবেই, কিন্তু শেষ পর্যন্ত মেঘ কেটে যায়। যে কালো মেঘ ছিল তা এখন কেটে গেছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে গণজোয়ার সৃষ্টি হবে। আমাদের জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিজয়ের মাসে নৌকা বিজয় নিয়ে বন্দরে পৌঁছবে। তিনি আরও বলেন, বিএনপির দুই শীর্ষ নেতার ফোনালাপই বলে দেয় তারা ২০-২২টির আসনের বেশি পাবে না। আওয়ামী লীগের গণজোয়ার দেখে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। এর আগে সকালে মন্ত্রী শিল্পপতি আনোয়ার হোসেন মির্জার মরদেহ দেখতে জেলা শহরের হরিনায়নপুর বাসায় যান। এ সময় তিনি আনোয়ার মির্জার বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনে দলীয় প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, পৌর মেয়র শহীদ উল্ল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জাবেদ, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমানসহ দলের নেতারা।

ad

পাঠকের মতামত