বিরামহীন প্রচার-প্রচারণায় প্রধানমন্ত্রীর জামাতা
নিউজ ডেস্ক।। ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার পক্ষে ব্যাপক প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু। এ আসনে মহাজোট মনোনীত প্রার্থী তার বাবা স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বাবার জন্য ১৫ দিন ধরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করছেন খন্দকার মাশরুর।
জানা যায়, কয়েক দিন ধরে তিনি ফরিদপুরের ১২টি ইউনিয়নের ১৫২ ভোটকেন্দ্রের সব কটিতে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় অম্বিকাপুরের আনছারউদ্দিন হাইস্কুল মাঠে সমাবেশে অংশ নেন খন্দকার মাশরুর হোসেন মিতু। গত ১০ বছরে আওয়ামী লীগ শাসনামলে ফরিদপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে জনতার কাছে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বোন ওয়াহিদা বেগম, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহিদ বেপারী, শ্রমিক লীগের সহ-সভাপতি বক্তার হোসেন খান, শাহিন, করিম খান প্রমুখ।




