243362

বিএনপিকে ভোট বর্জনের পরামর্শ এ্যানির

দেশের কোথাও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই জানিয়ে বিএনপিকে ভোট বর্জনের পরামর্শ দিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের এ প্রার্থী মনে করেন, ভোটের কোনো পরিবেশ নেই, দেশবাসী এটি দেখছে। আর নির্বাচন বর্জন যে যথাযথ, দেশবাসী এটি বিবেচনা করবে। নির্বাচন বর্জন করলেও যা হবে, না করলেও তা হবে।শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দাবি করেন, সংসদ নির্বাচনের বর্তমান অবস্থা নিয়ে দল ও জোটের বিভিন্ন প্রার্থীর সঙ্গে তার কথা হয়েছে। তারাও মনে করছেন-নির্বাচন করার কোনো পরিবেশ নেই।

দল ভোটে থাকলে কী করবেন, এমন প্রশ্নে এ্যানি বলেন, ‘পার্টি যদি বর্জন না করার সিদ্ধান্ত নেয়, যদি মনে করে আমাদের থাকতে হবে, তবে আমি নির্বাচনে থাকব। রক্তাক্ত হয়ে, হামলার শিকার হয়েও থাকব। রক্তচক্ষুকে উপেক্ষা করে কেন্দ্রে থাকব। রক্তাক্ত শরীর নিয়েও থাকব।’নিজের নির্বাচনী এলাকা নিয়ে এ্যানির অভিযোগ, নির্বাচন করার কোনো পরিবেশই তার এলাকায় নেই। তার এলাকায় পুলিশ ও প্রশাসনের সহায়তায় শাসক দলের পেটোয়া বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।প্রসঙ্গত, সোমবার গণসংযোগের সময় শহীদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিন সাংবাদিক, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৩০ জন আহত হন। লক্ষ্মীপুর সদর উপজেলার শান্তিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।

ad

পাঠকের মতামত