নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় দিন কেটেছে মাশরাফীর
নড়াইল প্রতিনিধি: বন্ধ হয়েছে প্রচারণা। কাল রাত পোহালেই বাজবে ভোটের দামামা। কিন্তু বসে নেই বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামী প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। আজ শুক্রবার সারাদিন নিজ আসনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সময় কাটিয়েছেন তিনি।সকাল থেকেই শহরের নির্বাচনী ক্যাম্প ‘তাহেরা কনভেনশনে’ দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটিয়েছেন মাশরাফী। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চাকরিসহ বসবাসরত বন্ধুরাও মাশরাফির নির্বাচনী কার্যালয়ে এসে তার সঙ্গে দেখা করেন।
মাশরাফির প্রতিনিধি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বোস জানান, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে একটানা আলাপ আলোচনা চালিয়ে যান এ ক্রিকেট তারকা। ভোটের দিন দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলাফেরা করার পরামর্শ দেন তিনি।




