243511

‘টাকা-পয়সা এনেছ’

সিঙ্গাপুর থেকে এসেই ফের আলোচনায় জন্ম দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সিঙ্গাপুর থাকা অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা গেছে। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। বৃহস্পতিবার আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠানকে (ফারুক) সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ান এরশাদ।নিজ বাসভবনে এরশাদ সংবাদ সম্মেলন করে জানান, ‘বোন’ শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ওরফে নায়ক ফারুক।এ সময় এরশাদের বাসায় দেখা করতে যান চিত্রনায়ক ফারুক। দেখা করতে এসে বেস রসিকতায় মজেছিলেন ফারুক। এরশাদের বাসা থেকে বের হয়ে ফারুক সাংবাদিকদের বলেন, “তিনি (এরশাদ) প্রথমে জিজ্ঞেস করেছেন- কেমন আছো তুমি, টাকা-পয়সা এনেছ, আমি বললাম আমার কাছে টাকা নেই’। তারপর এরশাদ হাসি দিয়ে বলেন, ‘টাকা লাগবে না, সমর্থন দেব তোমায়’।

উৎফুল্ল ফারুক বলেন, “তিনি একজন (এরশাদ) সম্মানীত ব্যক্তি হয়ে, একটা পার্টির এত বছরের প্রধান হয়ে, আমাকে সন্তান ভেবে সমর্থন দিয়েছেন। এটা ইতিহাস হয়ে থাকবে।”এদিকে একই সংবাদ সম্মেলনে উন্মুক্ত (আওয়ামী লীগসহ ১৪ দলের প্রার্থী রয়েছে) ১৪৬টি আসন থেকেও জাপার প্রার্থীদের সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর তিন ঘণ্টা পর এরশাদের পক্ষে গণমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত আসনগুলো জাপার কোনো প্রার্থী সরে দাঁড়াচ্ছেন না। মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না।

সন্ধ্যায় রাজধানীর বারিধারার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এরশাদ একটি লিখিত বক্তব্য পড়ে শুনিয়েছিলেন, যাতে বলা হয়, ‘মহাজোটের বৃহত্তর স্বার্থে এবং মহাজোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য প্রয়োজনবোধে বিভিন্ন আসনে প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে মহাজোটের প্রার্থীর পক্ষে একত্রে কাজ করার অনুরোধ জানানো হয়েছিল। মহাজোটের স্বার্থে আমি নিজেও ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন করছি।’মহাজোটের শরিক দল হিসেবে ২৫টি আসন থেকে নির্বাচন করছে জাপা। এ ছাড়া ১৪৭ আসনে দলের প্রার্থী রয়েছে। ঢাকার আসনটি ছেড়ে দেওয়ায় এরশাদ এখন রংপুর-৩ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে এককভাবে নির্বাচন করছেন। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত