243346

ফিরে দেখা: আলোচিত ১০ ঘটনা ঢাকাই শোবিজের

বিনোদন ডেস্ক।। সেকেন্ড-মিনিট-ঘণ্টার হিসাব-নিকাশে জন্ম হয় নানা ঘটনার। একইভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসা ২০১৮ সালেও এদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ঘটে গেছে নানা ঘটনা। সেসব ঘটনা সাফল্য-ব্যর্থতা, অলোচনা-সমালোচনা, আনন্দ-বেদনাপূর্ণ। ২০১৮ সালে দেশের আলোচিত ১০টি ঘটনা নিয়েই এই আয়োজন

শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ : গত বছর নানা ঘটনার জন্ম দিয়ে দাম্পত্য জীবন শুরু করেছিলেন দুই চলচ্চিত্র তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। কিন্তু দাম্পত্য জীবনে বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদ হয় তাদের। ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল ৩-এর কার্যালয়ে ছিল এই দম্পতির তালাকের তৃতীয় ও শেষ শুনানি। এদিন শুনানিতে তারা কেউ উপস্থিত ছিলেন না। তারপরও বিচ্ছেদ মেনে নেন দু’জনে।

অভিনয় ছেড়ে প্রায় দেড় বছর অন্তরালে ছিলেন অপু বিশ্বাস। এর পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে বিয়ে ও সন্তানের খবর জানান তিনি। টিভি লাইভে অংশ নিয়ে তিনি জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয়। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় ছেলে আব্রাম খান জয়ের। এ খবর প্রকাশের পর শাকিব স্ত্রী-সন্তানকে মেনে নিলেও তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়নি। মতবিরোধ ও মান-অভিমান থেকে শাকিব ও অপু মেনে নেন বিয়ে বিচ্ছেদ। বছরের প্রথমভাগে এটিই ছিল সাংস্কৃতি অঙ্গনের অলোচিত বিষয়।

কারাগারে আসিফ আকবর : ৪ জুন গীতিকার শফিক তুহিন আইসিটি আইনে তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল, অনুমতি ছাড়াই তার সঙ্গীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীর ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন আসিফ আকবর। যার পরিপ্রেক্ষিতে আসিফকে তার স্টুডিও থেকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এতে সারাদেশে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। আসিফভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন। অবশেষে মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে কারাগার থেকে ছাড়া পান আসিফ আকবর। আবারও ব্যস্ত হয়ে ওঠেন নতুন গানের আয়োজন নিয়ে।

সুবর্ণা মুস্তাফার অভিনয় জীবনের ৫০ বছর : এ বছর অভিনয় জীবনের ৫০ বছর পূর্ণ হয়েছে খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার। মাত্র ৯ বছর বয়সে তার অভিনয়ে অভিষেক। বাবা গোলাম মুস্তাফা ছিলেন বরেণ্য অভিনেতা। মা হোসনে আরা মুস্তাফাও ছিলেন অভিনেত্রী, রেডিও প্রযোজক ও আবৃত্তিশিল্পী। সেই সূত্রে অভিনয় তার শোণিত ধারায় বহমান। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই ১৯৭৫ সালে টিভি নাটকে অভিনয় শুরু। এর পর থেমে থাকা নেই। টিভি, মঞ্চ, বেতার, চলচ্চিত্র- সব মাধ্যমেই তার অভিনয় দর্শকের মাঝে সাড়া ফেলেছে।

ওয়েব ছবির জোয়ার : টিভি, চলচ্চিত্রের পর এ বছর নির্মাতা ও অভিনয়শিল্পীরা ব্যস্ত হয়ে উঠেছেন ওয়েব ছবি নিয়ে। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে নির্মিত হচ্ছে নানা ধরনের ওয়েব ছবি। গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রীতি’, মাহমুদুর রহমান হিমির ‘নিঃশ্বাস’, নুহাশ হুমায়ূনের ‘পিজ্জা ভাই’, আরিফুর রহমানের ‘অতঃপর জয়া’, ভিকি জাহেদের ‘আজ আমার পালা’, অনন্য মামুনের ‘ইন্দুবালা’সহ বেশ কিছু ওয়েব সিরিজ ও ছবি ছিল দর্শকের আলোচনায়। পপি, তিশা, পরীমনিসহ অনেক তারকাই এখন ঝুঁকে পড়েছেন ওয়েব ছবির দিকে।

শাফিন আহমেদের মাইলসে ফেরা : আগেও একবার মাইলস ত্যাগ করেছিলেন শাফিন আহমেদ। ফিরেও এসেছিলেন। কিন্তু গত বছর এপ্রিলে দ্বিতীয়বার ব্যান্ড ত্যাগ করেন শাফিন। ব্যান্ডের অন্যতম সদস্য ও বড় ভাই হামিন আহমেদের সঙ্গে দ্বন্দ্বের কারণেই ব্যান্ড ছেড়েছিলেন তিনি। যে কারণে মাইলসে শাফিনের ফেরা নিয়ে সংশয়ে ছিলেন তার ভক্তরা। তবে ভক্তদের বেশি দিন হতাশার মধ্যে রাখেননি দেশের এই নন্দিত শিল্পী। এ বছর আগস্ট মাসে মাইলস ব্যান্ডে পুনরায় যোগদান করেন তিনি। তার এই সিদ্ধান্তকে ভক্তরা সাধুবাদ জানান। মাইলসে ফেরার পাশাপাশি শাফিন আহমেদ বছরজুড়ে আলোচনায় ছিলেন রাজনীতিতে আসা এবং মেয়র নির্বাচন অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশের কারণে।

যৌথ প্রযোজনার নতুন নীতিমালা : চলচ্চিত্রের যৌথ প্রযোজনা নিয়ে এ বছর নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। এতে উল্লেখ করা হয়েছে, যৌথ প্রযোজনার নির্মিত সব চলচ্চিত্রের প্রচার সামগ্রীতে যৌথ প্রযোজনার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রচার সামগ্রীতে সংশ্নিষ্ট সব দেশের শিল্পী ও কলাকুশলীর নাম সমানভাবে গুরুত্ব সহকারে উল্লেখ থাকতে হবে। সংশ্নিষ্ট সব দেশের শিল্পীর ছবি সমানভাবে প্রদর্শন করার কথাও বলা হয়েছে খসড়া নীতিমালায়। খসড়া অনুযায়ী, বিদেশি কোনো প্রযোজক বা পরিচালক যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘন করলে পরবর্তী সময়ে তিনি বা তারা বাংলাদেশে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের অনুমতি পাবেন না।

২২ বছর পর নিজ দেশে অঞ্জু ঘোষ : আশি ও নব্বই দশকের আলোচিত অভিনেত্রী অঞ্জু ঘোষ দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছেন। তিনি কখনও দেশে ফিরবেন কি-না, সেটাও স্পষ্ট ছিল না। কিন্তু এ বছর হঠাৎ নিজ দেশে এসে অনেককে চমকে দিয়েছেন অঞ্জু ঘোষ। ২২ বছর পর নিজ দেশে ফিরে তিনি জানিয়েছেন, নিজ দেশকে কখনোই তিনি ভুলে যাননি। শুধু তাই নয়; দেশে ফিরেই দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করেছেন তিনি।

সিনেমা হল বন্ধ ও দর্শকশূন্যতা : রাজশাহীর শেষ সিনেমা হল ‘উপহার’সহ আরও চারটি সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ছিল বছরের আলোচিত ঘটনা। সিনেমা হলের দর্শকশূন্যতাও ভাবিয়ে তুলেছে অনেককে।

তুহিনের শিরোনামহীন ত্যাগ : ব্যান্ডের লাইনআপ পরিবর্তন কতটা আলোচনার জন্ম দিতে পারে, তা দেখা গেছে তানযীর তুহিন শিরোনামহীন ব্যান্ড ত্যাগ করার পর।

নির্বাচনী প্রচারণায় তারকারা : জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় তারকাদের অংশ নেওয়া বিষয়টিও বছরের শেষ প্রান্তে নানা আলোচনার জন্ম দিয়েছে। ফেরদৌস, রিয়াজ, জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ অনেকেই ছিলেন ভোটের মাঠে।

ad

পাঠকের মতামত