দলে দলে ভোটকেন্দ্রে আসার আহ্বান সাকির
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষে ভোটারদের দলে দলে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ঢাকা-১২ আসনের প্রার্থী জোনায়েদ সাকি।বৃহস্পতিবার রাজধানীর কোদাল মার্কা প্রতীকের বাম গণতান্ত্রিক জোটের এই প্রার্থী গণসংযোগ কর্মসূচি শুরু করেন কারওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে থেকে। সেখান থেকে ২৬নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি।ভোটারদের আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, আপনার ভোট একটা মূল্যবান আমানত। সম্মান ও মর্যাদারও প্রতীক। ভোট আপনার নাগরিক অধিকার। বহু মানুষের রক্তের বিনিময়ে এই সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অধিকার রক্ষা করুন। ভোটকেন্দ্রে আসুন সকাল সকাল। যেন কেউ সুযোগ নিয়ে আপনার ভোট নিয়ে যেতে না পারে।
তিনি বলেন, আপনার ভোটাধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে- সে বিষয়ে সজাগ-সতর্ক থাকুন। আপনার উপস্থিতিই বিদ্যমান পরিস্থিতির একতরফা দিকটিকে বদলে দিতে পারে। ভোটাররাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। আপনারা ভয়, বাধা উপেক্ষা করে দলে দলে ভোট কেন্দ্রে আসুন।নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে এই প্রার্থী বলেন, এতদিন ধরে নির্বাচনের সমান সুযোগ আপনারা নিশ্চিত করতে পারেননি। অন্তত ভোটকেন্দ্রে যাতে নির্ভয়ে ভোটাররা যেতে পারেন, ভোট দিতে পারেন, ভোট যাতে ঠিকঠাক গণনা হয় ও ফল প্রকাশ হয় তার ব্যবস্থা করুন। এতটুকু নিশ্চিত করতে পারলেও জাতি আপনাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। নাহলে আপনারা ইতিহাসের আস্তাকুড়োতে নিক্ষিপ্ত হবেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে সাকি বলেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী। আপনাদের কাছে সে অনুযায়ীই নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করছি। আপনারা সে দায়িত্ব নিজ নিজ পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে পালন করবেন তাই আহ্বান জানাই।গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় কমিটির নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখ্তার, বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, আবু বকর রিপন, তরিকুল সুজন, বেলায়েত হোসেন জুলকারনাইন ইমন, ছাত্র ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।




