243226

বোনের সমর্থনে ভাইয়ের ‘বিসর্জন’

‘বোন’ শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন জানিয়ে উন্মুক্ত আসনগুলোতে মহাজোটের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাড়ানোর নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া তিনি নিজেও ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়েছেন। এরশাদ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন জানিয়েছেন।ঢাকা–১৭ আসন ছেড়ে দেয়ায় সাবেক এই রাষ্ট্রপতি এবার একটি আসনে (রংপুর–৩) নির্বাচন করছেন।বৃহস্পতিবার বারিধারায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, মহাজোটের সমর্থনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নিবেন। তবে যেখানে জয়ের সম্ভাবনা আছে তারা প্রত্যাহার করবেন না। মহাজোট থেকে যে নির্দেশনা দেয়া হবে তাই মেনে নিতে হবে।

নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে মন্তব্য করে এরশাদ বলেন, বিএনপির অবস্থান ভালো না। তদের অতীত রেকর্ড ভালো না। জয়ের সম্ভাবনা নেই বিএনপির।একাদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব প্রশ্নের উওর আমি দিতে পারবো না। একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে নিরব থাকেন এরশাদ।এরশাদের বর্তমান শরীরের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো আছি তোমাদের দোয়ায়। সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে মহাজোটকে সমর্থন করবো। ঢাকা-১৭ আসনে আমি নির্বাচন করতাম, নানাবিধ কারণে আমি বিরত থেকে ফারুককে সমর্থন করলাম। ও আজ এসেছিলো। আমি নির্বাচনে বোন শেখ হাসিনাকে সর্বত্র সহযোগিতা করবো।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে এরশাদ বলেন, এটা তো বাংলাদেশের নীতি। প্রতি নির্বাচনে সহিংসতা হয়। মানুষ হত্যা করা হয়। এটা বরাবরের জন্য হয়ে আসছে। সংবাদ সম্মেলন শেষে এরশাদের বাসভাবনে ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক উপস্থিত হন।ফারুক বলেন, আমার বড় ভাই এরশাদ এই আসন ছেড়ে দিয়ে মনবতার নজির স্থাপন করেছেন। রাজনীতিতে খুনা-খুনি নয় উন্নয়নের জোয়ারের অংশীদার হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করলেন। এরশাদের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষোভ নেই। কেউ যদি এ কথা বলে আমি বিশ্বাস করি না।

ad

পাঠকের মতামত