‘বাবলু ভাই বাড়িতে আছেন নাকি বলেই বোমা ফাটানো হয়’
‘বাবলু ভাই বাড়িতে আছেন নাকি-বলেই বোমা ফাটানো হয়। এর পর গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’বুধবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ কথা বলেন বাবলুর স্ত্রী তোজবিরা জামান।গাংনী হাসপাতালের পেছনের বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে দাবি করেন তিনি।বুধবার রাতে গাংনী হাসপাতালের পেছনে বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক নেমে আসে।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর স্ত্রী তোজবিরা জামান জানান, বাড়ির প্রধান ফটকে তালাবদ্ধ থাকার কারণে কে বা কারা ‘বাবলু ভাই বাড়িতে আছেন নাকি’-এ কথা বলতেই বাইরে থেকে বাড়ির ভেতরে পর পর দুটি বোমা পড়ে। আমগাছে লেগে বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়। এ সময় এক রাউন্ড ফাঁকা গুলির শব্দ পাওয়া যায়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।তিনি আরও জানান, মামলাজনিত কারণে বেশ কিছু দিন ধরে আসাদুজ্জামান বাবলু বাড়িতে থাকছেন না।গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সাজানো ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে, এতে কারা জড়িত।




