বিএনপির নতুন মুখ ছয়বারের এমপির সামনে
নিউজ ডেস্ক।। ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার ততই সরব হয়ে উঠছে। অন্যদিকে বিএনপি অনেকটা নীরবে প্রচার চালাচ্ছে। এই আসনে নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী হলেন ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ও চিফ হুইপ আ স ম ফিরোজ।
এ ছাড়া জেলার চারটি আসনের মধ্যে একমাত্র এ আসনেই রয়েছেন বিএনপির নারী প্রার্থী সালমা আলম। এখানে বিএনপির মূল প্রার্থী ছিলেন সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার। দুদকের মামলায় দ-প্রাপ্ত হওয়ার কারণে তার সহধর্মিণী নতুন মুখ সালমা আলমকে মনোনয়ন দেয় বিএনপি।
চিফ হুইপ আ স ম ফিরোজ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় এলাকায় চালিয়েছেন ব্যাপক উন্নয়ন কার্যক্রম। দলীয় সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে আসছেন তিনি। এ উপজেলায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের ভিত খুব শক্ত অবস্থানে রয়েছে। প্রতি ওয়ার্ডে রয়েছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর শক্তিশালী কমিটি। এ কমিটির সদস্য সংখ্যা প্রায় ৩৫ হাজার। নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আ স ম ফিরোজসহ দলীয় নেতাকর্মীরা নেমে পড়েছেন গণসংযোগে। আর প্রতীক বরাদ্দের পর আটঘাট বেঁধে নেমেছেন মিছিল-মিটিং ও সভা-সমাবেশসহ নির্বাচনী প্রচারে। নৌকা মার্কার নেতাকর্মীরা উঠান বৈঠক করেছেন প্রতিদিন ২৫ থেকে ৩০টি। এক কথায় বলা যায়, সেখানে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার এখন তুঙ্গে।
ৎঅন্যদিকে বিএনপির ধানের শীষের নারী প্রার্থী নতুন মুখ সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম। দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির দলীয় কার্যক্রমে স্থবিরতা ও প্রার্থিতা নিয়ে দোটানায় সময়ক্ষেপণ হওয়ায় দলের নেতাকর্মীরা ঘর গুছিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেরি হলেও প্রচার থেমে নেই। ধানের শীষের প্রচারে বিএনপির নেতাকর্মীরা অনেকটা কৌশল অবলম্বন করছেন। তারা প্রকাশ্যের চেয়ে নীরবে প্রচার করছেন। বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের প্রচারে বাধা দেওয়ার কারণেই প্রকাশ্যে প্রচার করতে সমস্যা হচ্ছে। আর আওয়ামী লীগ নেতাদের দাবি, এ উপজেলায় বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। এটি তাদের দুর্বলতা ঢেকে রাখার অপকৌশল।
এবারের নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী হলেন আওয়ামী লীগের আ স ম ফিরোজ (নৌকা), বিএনপির সালমা আলম (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মো. নজরুল ইসলাম (হাতপাখা) ও কমিউনিস্ট পার্টির সাহাবুদ্দিন আহমেদ (কাস্তে)। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫১ হাজার ৮৫৮ জন। তাদের মধ্যে নারী ১ লাখ ২৫ হাজার ১৪৫ ও পুরুষ ১ লাখ ২৬ হাজার ১৭৩ জন রয়েছেন।




