ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা নেই
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন (৩০ ডিসেম্বর) সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে সম্মতি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো.আখতারুজ্জামান।তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) সম্মতি দিয়েছেন যে, ভোটের দিনে পেশাগত দায়িত্ব পালন এবং নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে কোনো বাধা থাকবে না।আওয়ামী লীগের দাবিতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মতি দিয়েছে ইসি বলে জানান আখতারুজ্জামান।
আখতারুজ্জামান বলেন, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের ১১ সদস্যের প্রতিনিধি।নির্বাচনের দিন যাতে সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে ইসিকে অনুরোধ করেন তারা।প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর নির্বাচনকালীন যানবাহন চলাচলের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে ইসি।প্রজ্ঞাপনে ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।একই সঙ্গে এবারের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।




