হেলিকপ্টারে হিরো আলমের প্রচারণার ভিডিও ভুয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন তিনি। নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পর থেকেই আলোচনায় হিরো আলম। এ আলোচনার মধ্য দিয়ে অনেক গুজব রটছে তাকে নিয়ে।সোমবার সোস্যাল মিডিয়ায় হিরো আলমের একটি ভিডিও ভাইরাল হয়। অনেক গণমাধ্যম এটি নিয়ে রিপোর্টও করে। ভিডিওটিতে দেখা যায়, নির্বাচনী এলাকায় হেলিকপ্টারে চড়ে সিংহ প্রতীকের প্রচার চালানো হচ্ছে। কিন্তু ভিডিওতে কোথায় হিরো আলমকে দেখা যায় না ।এ বিষয়ে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নাহ, আমি তো হেলিকপ্টার করে নির্বাচনী প্রচারণা চালাইনি। একবার কোনো এক গ্রামে হেলিকপ্টার করে শো করতে গিয়েছিলাম। সেই ভিডিওটি কে বা কারা সম্পাদনা করে আমার নির্বাচনী প্রচার বলে চালিয়ে দিয়েছে। এটা ঠিক নয়। এতে আমার এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছে।’
হিরো আলমের সহকারী নজরুল ইসলামও জানান একই কথা। তিনি বলেন, ‘আমরা অনেক পরে নির্বাচনী প্রচারে নেমেছি। এখন প্রচারণা নিয়েই ব্যস্ত। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আসল নয়। স্যারের ভিডিও মানেই এখন অনলাইনে হিট। তাই অনেকে আগের ভিডিও নিয়ে তাতে সিংহ প্রতীকের মিছিলের স্লোগান সংযুক্ত করে ছেড়ে দিচ্ছে। আসলে হেলিকপ্টারে নির্বাচনী প্রচারণা চালানোর কোন ঘটনা ঘটেনি।’সোস্যাল মিডিয়ায় ভাইরাল ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার মাঠে নামার আগে, হিরো আলমের হয়ে স্লোগান দিচ্ছেন তার সমর্থকরা। এ সময় সবাই ‘সিংহ’, ‘সিংহ’ বলে স্লোগান দেন। হেলিকপ্টার নামার আগে সমর্থকদের মোটরসাইকেলে করে মহড়া দিতেও দেখা যায়।




