242247

বিএনপি প্রার্থীর স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের পুলিশি হয়রানি ও আওয়ামী লীগের হিংসাত্মক রাজনীতি বন্ধ করা না হলে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। সোমবার বিকেলে নগরীর নর্থ ভিউ হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ক্ষুব্ধ কণ্ঠে এ কথা বলেন তিনি।এমদাদুল হক ভরসা আরো বলেন, আমার বাবা রহিম উদ্দিন ভরসা ও চাচা করিম উদ্দিন ভরসা দীর্ঘদিন ধরে পীরগাছা-কাউনিয়া আসনে রাজনীতি করে এসেছেন। তারা সংসদ সদস্যও ছিলেন। তাদের বয়স হওয়ায় এ আসনে আমাকে নির্বাচনী লড়াইয়ে নামিয়েছেন। আমি ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছি।

তবে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। আমাদের সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলা, অফিস ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করেছে। এ ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনসহ জেলা রিটার্নিং কর্মকর্তাকে মৌখিক ও লিখিতভাবে একাধিকবার জানালেও তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী পুলিশের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করে আতঙ্ক তৈরি করছে। এ ছাড়া নির্বাচনী কার্যক্রমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে পীরগাছা-কাউনিয়া ও হারাগাছ পৌরসভাসহ অধিকাংশ কেন্দ্র দখলসহ ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেন।এ সময় তার সঙ্গে ছিলেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গাসহ বিএনপি নেতাকর্মীরা।

ad

পাঠকের মতামত