ভালুকায় বিএনপি ও আ.লীগ সংঘর্ষে অর্ধ-শতাধিক আহত
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নির্বাচনী সভা চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির দু-গ্রুপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় খবর সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিক ও দুই পক্ষের নেতাকর্মীসহ প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।তবে পুলিশ বলছে সাংবাদিকসহ ৫/৬ জন আহত হয়েছে। তবে তাৎক্ষনিক নেতাকর্মীদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত সাংবাদিকরা হলেন, মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি শাহজাহান সেলিম, আজকের সংবাদের দিনা খাঁন ও ভালুকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইত্তেফাকের কামরুল ইসলাম মানিক। তাদের মধ্যে মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি শাহজাহান সেলিমকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে হয়।স্থানীয় সাংবাদিক, প্রত্যক্ষদর্শী ও দলীয় সুত্রমতে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভালুকা বিএনপি অফিসের সামনে একটি নির্বাচনী সভার আয়োজন করেন বিএনপির প্রার্থী ফখরউদ্দিন আহামদ বাচ্চুর সমর্থকরা। সেই সভাস্থলে আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনুর সমর্থকরাও নির্বাচনী সভা করার প্রস্তুতি নেয়। এসময় আওয়ামী লীগের লোকজন বিএনপির সভারমঞ্চ দখল করে ভাংচুর চালায়।পরে বিকেল সাড়ে ৪ টার দিকে বিএনপির প্রার্থীর সমর্থকরা একটি মিছিল নিয়ে সভাস্থলে আসতে চাইলে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি থেকে তা সংর্ঘষে রুপ নেয়। খবর পেয়ে ভালুকা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষকারীদের তাড়িয়ে দেয়। এসময় ৩ সাংবাদিকসহ দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নির্বাচনী সভা চলছিল। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাংবাদিকসহ ৫/৬ থেকে জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল ছুড়ে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে উপজেলা সদর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন। সূত্র: ব্রেকিংনিউজ




