আইএসআই’র প্রেসক্রিপশনে সেনাবিরোধী অপপ্রচারে বিএনপি
বিএনপি বড় ধরনের প্রাণহানির একটা ষড়যন্ত্র চালাচ্ছে এবং এই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, আইএসআই’র প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বিএনপি।আজ মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমান বলেন, ‘বিএনপির কর্মীরা বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করছেন এবং গতকালও আমাদের দলের নেত্রী যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনির বাসায় হামলা হয়েছে। ইতোমধ্যে বিএনপির জামায়াতের বিভিন্ন হামলায় ৫ জন নেতাকর্মী নিহত হয়েছে। এমন অবস্থায় দেশবাসীকে আমরা সজাগ করার জন্য সতর্ক করার জন্য মূলত এই সংবাদ সম্মেলন।’
‘বিএনপি এই নির্বাচনকে ঘিরে নীলনকশা তৈরি করছে যাতে প্রাণহানি ঘটে, সহিংসতা হয় এবং এই নির্বাচন যাতে ভণ্ডুল হয়। সেই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আজকে দেশবাসী মোকাবেলা করে আগামী ৩০ তারিখ এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করবে’ বলে দৃঢ়ভাবে বিশ্বাসের কথা জানান এই আওয়ামী লীগ নেতা। সূত্র: দৈনিক আমাদের সময়




