নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে: নাসিম
একাধম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার বিকেল ৫টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।মোহাম্মদ নাসিম বলেন, মেসি-নেইমার গোল মিস করতে পারে কিন্তু আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। বিএনপি-জামায়াত বলেছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে আসবে না। এখন তারা নাকে খত দিয়ে এবারের নির্বাচনে এসেছে।তিনি বলেন, বিএনপি-জামায়াত যেন কোনো অজুহাতে মাঠ থেকে পালিয়ে না যায়। ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে লাল কার্ড দেখিয়ে তাদের বিতাড়িত করবে। নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনে মহাজোটের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য সাকোয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান নিটল, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার প্রমুখ।




