মাশরাফির আসনে ধানের শীষের প্রচারণায় হামলা, আহত ১০
নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এনপিপির (ন্যাশনাল পিপলস পার্টি) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ গণসংযোগে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।হামলায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লক্ষীপাশা ইউনিয়ন যুবদলের সদস্য রাকিব মণ্ডলসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর ফরিদুজ্জামান ফরহাদ তার লোহাগড়া উপজেলা সদরের বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, ‘সোমবার দুপুর ১২টার দিকে নির্বাচনী প্রচারণার জন্য লোহাগড়া থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নড়াইলের উদ্দেশে যাওয়ার পথে এড়েন্দা বাসস্ট্যান্ডের কাছে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও তার লোকজন লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় তারা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরসহ বেশ কয়েকটি মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ হামলার দায় আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা কোনোভাবেই এড়াতে পারেন না।’ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, ‘এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।’এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘এ হামলার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বরং বিএনপির সমর্থকেরা আওয়ামী লীগ সম্পর্কে বাজে মন্তব্য করায় স্থানীয় লোকজন তাদের বাধা দেয়।’




