ব্লাউজ নিয়ে ট্রল, যা বললেন অঞ্জনা
একটি বেসরকারি টেলিভিশনের টক শো-তে উপস্থিত হয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সক্ষমতার প্রসঙ্গে ব্লাউজ নিয়ে একটি মন্তব্য করেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা। তার করা মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তে শুরু হয়েছে নানা ট্রল। এবার ট্রল করা নিয়ে মুখ খুললেন এই নায়িকা।অঞ্জনা বলেন, ‘আমি মনে করি যারা এমনটা করলেন তাদের মানসিকতায় সমস্যা আছে। আমাকে হাসির পাত্রী বানানোর একটা অপচেষ্টা হয়েছে। কিছু মানুষ থাকেই যারা অন্যের অসম্মান করতে পারলে আনন্দ পান। কিন্তু ব্লাউজ নিয়ে ট্রল করে কী দেশের নারীদের অসম্মান করা হচ্ছে না? অনেক নারীদেরকেও দেখছি ট্রলে মেতেছেন! তারা কী করে এমনটা পারেন?’
চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ যে অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে তার কথা। আজ থেকে ৩০-৩৫ বছর এগে যখন আমরা গ্রামে গঞ্জে শুটিংয়ে যেতাম দেখতাম নিম্নবিত্ত নারীরা একটা শাড়ি প্যাঁচিয়ে শুটিং দেখতে আসছেন। তাদের শরীরে কোনো ব্লাউজ ছিলো না। শুটিং ইউনিটের সবাই তাদের দেখে বিব্রত হতো জিজ্ঞেস করতাম তারা কেন ব্লাউজ পরে না তারা। জবাব দিতো, ‘অর্থের অভাবে ব্লাউজ কেনার সামর্থ হয় না। বহু কষ্টে একটা শাড়ি জুটে।’সেইসব অঞ্চলে এখন বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে অঞ্জনা বলেন,‘গ্রামের নারীরা এখন ব্লাউজ পরছে, ম্যাক্সিও পরছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অর্থনৈতিক উন্নয়ন এসেছে। সেখানকার মানুষ এখন নিজেদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে। তাই নারীরাও নিজেদের জীবন যাপনে পরিবর্তন আনতে পেরেছেন।’
অঞ্জনা আরো বলেন,‘আমি এই কথা বলিনি যে সারাদেশের নারীদের ব্লাউজ আওয়ামী লীগ সরকার দিয়েছে। আমি অন্য কিছু বলেছিলাম। কিন্তু সেই বিষয়টাকে এড়িয়ে ব্লাউজকে জাতীয় ইস্যু বানানো হলো। আমি খুবই আহত হয়েছি সম্পূর্ণই অযৌক্তিভাবে ‘ব্লাউজ’ ট্রল হওয়াতে। এটি নারীদের পোশাক। এজন্যই এটি দ্রুত ট্রলের শিকার হয়েছে। যদি পুরুষের পাঞ্জাবীর কথা আসতো মনে হয় না এতো রিঅ্যাক্ট হতো। আসলে এখানে নারীদেরকেই হেয় করা হচ্ছে। অনেক নারীরাও নিজেদের অবচেতন মনে সেটাকে উস্কানি দিচ্ছেন।’অবশেষে ক্ষমা চেয়ে অঞ্জনা বলেন,‘আমি কিন্তু ওই টক-শোতে অনেক ইতিবাচক কথা বলেছি। সেগুলো কিন্তু ভাইরাল হয়নি। তবুও আমার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করবেন।’উল্লেখ ,১৯৭৬ সালে শামসুদ্দীন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’ সিনেমার দিয়ে অভিষেক ঘটে নায়িকা অঞ্জনার। দীর্ঘ ক্যারিয়ারে নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ওয়াসিম, জসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্নাসহ আরও অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন।বর্তমানে নিজের ব্যাবসা প্রতিষ্ঠান এবং আওয়ামী রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অঞ্জনা।




