নৌকার প্রচারণায় প্রধানমন্ত্রীর জামাতা-নাতনিরা
ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন তার ছেলে, প্রধানমন্ত্রীর জামাতা ও নাতনিরা।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগ সভানেত্রীর জামাতা ও স্থানীয় সরকারমন্ত্রীর ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু।
এসময় তিনি ফরিদপুরে তিনটি নির্বাচনী সভায় সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং নৌকা প্রতীকে সকলের কাছে ভোট প্রত্যাশা করেন।
এছাড়াও সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে দুটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি (সায়মা ওয়াজেদ পুতুলের মেয়ে) আলীজা খন্দকার রুপন্তী ও আমরিন খন্দকার সামন্তী।তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় উপস্থিত সকলের কাছে ভোট ও দোয়া চান। এসময় বিপুল সংখ্যক উৎসুক জনতা তাদের দেখতে ভিড় জমায়।




