‘ইগনোর’ করায় হেলালুদ্দীনের বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম (ভিডিও)
‘ইগনোর’ করায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। আজ রোববার সকালে তার নির্বাচনী এলাকার কাহালুতে গণসংযোগকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ কথা জানান তিনি।হিরো আলম বলেন, ‘ইসির (ইসি সচিব) বিষয়টা কি তা আপনারা সবাই জানেন। আমি নির্বাচনে দাঁড়ানোর পর থেকে একের পর এক ষড়যন্ত্র চলতেসে। প্রথমে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করলো। তারপর আমি আপিল করলাম, সেখানেও বাতিল করলো। পরে হাইকোর্টে রিট করলাম, সেখান থেকে রায় পাই। রায়ের পরেই কিন্তু আমি নির্বাচনে দাঁড়াই। কিন্তু তার পরে ইসি কিন্তু সেদিনকে একটা কথা বলল, হেলালুজ্জামান (হেলালুদ্দীন আহমদ)- হিরো আলমের মতো লোক, ও আমাদের হাইকোর্ট দেখায়। উনি কিন্তু ওখানে ‘তুই’ বলে একটা শব্দ বলেছেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। সে ছোট হোক বা বড় হোক। তারা কিন্তু জনগণের সেবক। তারা কিন্তু আমাদের চাকরি করে। তারা জনগণের কথা বলবে। উনি (হেলালুদ্দীন) সেদিন যেভাবে কথা বলসে, তখন কিন্তু এক তরফা কথা বলসে। ক্ষমতা দেখাইসে। কিন্তু নির্বাচন কমিশনারের উচিৎ দেশের সবার হয়ে কথা বলা।’এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনের পদত্যাগ দাবি করে হিরো আলম বলেন, ‘তিনি যে আমাকে ইঙ্গোর (ইগনোর) করে কথা বলসে তাই আমি তার পদত্যাগ চাই। ইসি সচিবের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানান তিনি।
নির্বাচনে জয়ী হলে বগুড়াকে বিশ্বের দরবারে তুলে ধরবেন বলেও জানান তিনি। আলম জানান, জয়ী হলে বগুড়া এয়ারপোর্টটি চালু করবেন, ছোট বড় উন্নয়ন কর্মকাণ্ডকে গুরুত্ব দিবেন।বর্তমানে বিরোধীপক্ষের ওপর যেভাবে হামলা মামলা হচ্ছে, তাতে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন আশরাফুল আলম সাঈদ। নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্য ইসির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।হিরো আলম সিংহ প্রতীক নিয়ে (নন্দীগ্রাম এবং কাহালু উপজেলা) বগুড়া -৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভিডিওটি সময় টেলিভিশনের সৌজন্যে :




