‘মাননীয় হুইপ আমি আপনার সন্তানের মতো, আমাকে কাজ করতে দিন’
শেরপুর-১ সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা (২৫) তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার এবং নির্বাচনী এজেন্টদের হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।সোমবার শহরের মাধবপুরের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা অভিযোগ করেন, তিন দিন আগে ১০৭ জনের নামে বিস্ফোরক আইনে মামলা দেয়া হয়েছে। এই ১০৭ জনের মধ্যে আমার স্টিয়ারিং কমিটির সদস্যরাও আছেন। গাজীরখামার খরখরিয়া ও ধলা বাকেরকান্দা এলাকায় নৌকা প্রতীক নিজেরাই পুড়িয়ে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
এ সময় বিএনপি প্রার্থী প্রিয়াংকা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিককে উদ্দেশ করে বলেন, আমি আপনার সন্তানের মতো। আমি আপনার থেকে রাজনৈতিকভাবে কম জ্ঞানের অধিকারী। কিন্তু আমি যেহেতু আপনার সন্তানের মতো আপনি আমাকে আমার কাজ করতে দিন।প্রিয়াংকা বলেন, আমি জানি আপনি আমাকে গণনায় ধরছেন না। যদি তাই হয়ে থাকে তাহলে আমি মনে করব আমার নেতাকর্মীদের ধরার মাধ্যমে বোঝা যাচ্ছে আপনি ভয় পাচ্ছেন। কাজেই আপনি আমার নেতাকর্মীদের ধরবেন না। দয়া করে তাদেরকে হেরেজমেন্ট করবেন না এবং আমার ওপর আক্রমণ চালাবেন না।
তিনি আরও বলেন, একটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা দরকার। যেটা হচ্ছে না। আমি জানি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে চায় কিন্তু প্রেসারের কারণে করতে পারছে না। তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের দিকে দয়া করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবেন। আগামী ৩০ ডিসেম্বর আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন কামনা করছি।এ সময় তার মা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।ডা. প্রিয়াংকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাবন্দি হযরত আলীর পরিবর্তে বিএনপির মনোনয়ন পেয়েছেন। হযরত আলী ঋণখেলাপিসহ একাধিক মামলার আসামি হয়ে প্রায় ৪ মাস ধরে কারাভোগ করায় তার বদলে প্রার্থী হয়েছেন তার ২৫ বছর ৬ মাস বয়সের চিকিৎসক মেয়ে প্রিয়াংকা।




