241996

নারায়ণগঞ্জে ৫ ক্যাম্পে ৪০০ সেনা সদস্য ও ৪৫০ বিজিবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে ২৪ ডিসেম্বর সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সাথে আন্তঃবাহিনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল রাকিব বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা দায়িত্ব পালন করতে এসেছি। সেনাবাহিনীর প্রায় ৪০০ সদস্য নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করবে। নারায়ণগঞ্জ জেলায় ৫টি ক্যাম্পে স্থাপন করা হয়েছে। ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার’ অনুযায়ী রিটার্নিং অফিসারের পরামর্শে ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে জাতির প্রত্যাশা মেটাতে সেনাবাহিনী বদ্ধপরিকর।”

বিজিবির সিও লে. কর্নেল আল-আমিন বলেন, ‘আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে নারায়ণগঞ্জ জেলায় ইতিমধ্যে দায়িত্ব পালন করছে বিজিবির প্রায় ৪৫০ সদস্য। অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে রিটার্নিং অফিসারের পরামর্শে বিজিবি তাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।’র‌্যাব-১১ এর সিও কমান্ডার রাসেল আহমেদ জানান, জঙ্গি দমন, মাদক নির্মূল ও সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের মাধ্যমে ইতিমধ্যে নারায়ণগঞ্জ তথা দেশবাসীর আস্থা অর্জন করেছে র‌্যাব।তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নিয়মিত টহল, সকল বাহিনীর মধ্যে যৌক্তিক ও কার্যকর সমন্বয়, পরামর্শকরণ ও উদ্ভূত বিশেষ পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোকপাত করেন।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, নির্বাচনকে ঘিরে জেলা পুলিশের কর্মযজ্ঞ শুরু হয়েছে অনেক আগে থেকেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে গৃহীত হয়েছে কর্মপদ্ধতি ও কৌশল। রিটার্নিং অফিসারের পরামর্শে ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে পবিত্র এ দায়িত্ব পালনে প্রয়োজনীয় সকল কর্মসম্পাদনে জেলা পুলিশ বদ্ধপরিকর।রিটার্নিং অফিসার রাব্বী মিয়া বক্তব্যে সকল বাহিনীর পারস্পরিক সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত