241816

দুর্বৃত্তরা কালীগঞ্জে আ. লীগের দুটি নির্বাচনী অফিস পুড়িয়েছে

নিউজ ডেস্ক।। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) নির্বাচনী এলাকার কাষ্টোভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর এবং ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় অফিসের প্যান্ডেল, ব্যানার ও নৌকা মার্কার পোস্টার পুড়ে ছাই হয়ে যায়।

কাষ্টোভাঙ্গা বাজার অফিসের দায়িত্বে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের খান বলেন, ‘প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০টা পর্যন্ত আমরা নির্বাচনী কাজ শেষে বাড়ি চলে যাই। পরে সকালে এসে দেখি কে বা কারা রাতে আগুন দিয়ে অফিস পুড়িয়ে দিয়েছে।’

কাষ্টোভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আয়ুব হোসেন খান বলেন, ‘আমি ওয়ার্ডের মেম্বারদেরকে সঙ্গে নিয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। রাতে কে বা কারা নির্বাচনী অফিসে আগুন দিয়েছে, তা আমি দেখিনি। তবে আমার ধারণা বিরোধী দল জামায়াত-বিএনপি এই আগুন সন্ত্রাস করতে পারে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

ad

পাঠকের মতামত