গাইবান্ধা-৩ আসনে ভোট ২৭ জানুয়ারী
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।রোববার রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী এ আসনে ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ জানুয়ারি (রোববার)।এর আগে ২০ ডিসেম্বর ইসি সচিব বলেন, ড. ফজলে রাব্বী চোধুরীর মৃত্যুতে আগামী ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ আইন অনুযায়ী স্থগিত করা হবে। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১৯ ডিসেম্বর (বুধবার) দিনগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলে রাব্বী চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।জানা যায়, ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।এছাড়া ব্রিফিংয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৫ নেতার প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রার্থিতা বাতিলের সুযোগ ইসির হাতে নেই বলেই তাদের প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।ইসি সচিব বলেন, আজকের (রোববার) কমিশন সভায় জামায়াতের ২৫ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে হাইকোর্টের আদেশ চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। আদেশ বিশ্লেষণ করে কমিশন দেখেছে, বিদ্যমান আইনে এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করার কোনো সুযোগ নেই। ফলে এই ২৫ জামায়াত নেতার প্রার্থিতা বহাল থাকছে।
জামায়াতের ২৫ জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ২২ জন ধানের শীষে ও বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছে। এরা হলেন, ঠাকুরগাঁও-২ আসনে মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ আসনে মাওলানা মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ আসনে মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ আসনে মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর-৫ আসনে অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ আসনে মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ আসনে মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আসনে আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ আসনে অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনে অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ আসনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে মাওলানা আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে আলহাজ্ব শামীম সাঈদী, ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান, সিলেট-৫ আসনে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ আসনে মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম ১৫ আসনে আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদ।




