ফিরছেন এরশাদ, থাকবেন বিশ্রামে
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ আগামীকাল সোমবার দেশে ফিরছেন। তবে দেশে ফিরলেও তিনি ভোটের মাঠে সরব হবেন না বলে জানিয়েছে জাপা সূত্র। তাকে পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বিরোধ তৈরী হয়। শেষ মুহূর্তে অনেক দরকষাকষির মাধ্যমে জাপার ভাগ্যে জুটে মাত্র ২৬টি আসন। জাপাকে সম্মানজনক আসন বরাদ্দ না দেয়ায় এরশাদ হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে দায়িত্ব দেন মহাসচিবের।
এরশাদের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহাব মিয়া জানান, স্যার পুরোপুরি সুস্থ নন, দেশে ফিরলেও তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ভোটের মাঠে উপস্থিত থাকা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা। মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, স্যার (এরশাদ) দেশে ফেরার পরই অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। তবে তিনি জানান, কিছু করার জন্য হাতে যে সময় থাকা প্রয়োজন ছিল তা নেই।জানা যায়, রক্তে হিমোগ্লোবিন ঘাটতি জনিত ও লিভারের সমস্যায় ভুগছেন এরশাদ। গত ২০ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের গণসাক্ষাতকার অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছিলেন এরশাদ। এরপর বাসা ও সম্মিলিত সামরিক হাসপাতালে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন তিনি। কিন্তু নেতাকর্মীদের সামনে আসেননি। সর্বশেষ ৬ ডিসেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে বনানী অফিসের সামনে কয়েক মিনিটের জন্য যাত্রা বিরতি নেন। গাড়িতে বসেই মিডিয়ার সঙ্গে কথা বলে দ্রুত বাসায় চলে যান।
এরপর ১০ ডিসেম্বর রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। তার সফরসঙ্গী হিসেবে আছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এপিএস মো. মনজুরুল ইসলাম ও ব্যক্তিগত স্টাফ আব্দুল ওয়াহাব মিয়া।




