প্রার্থিতা নিয়ে আপিলে যে ৯ উপজেলা চেয়ারম্যান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাইকোর্টে প্রার্থিতা স্থগিত হওয়া নয়জন উপজেলা চেয়ারম্যান সুপ্রিম কোর্টে আপিল করেছেন।রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা পৃথক পৃথকভাবে আবেদন করেন। সোমবার (২৪ ডিসেম্বর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বারজজ আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।নয়জনের আবেদনকারী মধ্যে অধিকাংশই বিএনপি মনোনীত প্রার্থী। উপজেলা চেয়ারম্যান পদ থেকে তাদের জমা দেয়া পদত্যাগপত্র গৃহীত না হওয়ার আগেই মনোনয়নপত্র দাখিল করার অভিযোগে তাদের প্রার্থিতা স্থগিত করা হয়।
আপিলকারী নয়জন হলেন- ঝিনাইদহ-২ আসনে মো. আব্দুল মজিদ, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে মো. মুসলিম উদ্দিন, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদ, বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন, ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসান সুমন, রংপুর-১ আসনে মো. আসাদুজ্জামান ও ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক।ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এসব উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে আপিল করলে ইসি তাদের প্রার্থিতা ফিরিয়ে দেয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।




