‘আমার স্বামীকে পুলিশ গৃহবন্দি করে রেখেছে’
নিরাপত্তার অজুহাতে পুলিশ কর্তৃক গৃহবন্দি অবস্থায় রয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শাহনাজ শারমিন জালাল। রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে এসে লিখিত অভিযোগে এ কথা জানান তিনি।এসময় তিনি গৃহবন্দিদশা থেকে মুক্তি ও নির্বাচনী প্রচারে অংশগ্রহণ নিশ্চিত এবং সার্কেল এএসপি ও দুই থানার ওসির প্রত্যাহারও দাবি করেন তিনি।শাহানাজ সাংবাদিকদের বলেন, ‘চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী এলাকার বিএনপির প্রার্থী জালাল উদ্দিন। তাকে নিজ বাড়িতে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা গত ১৫ ডিসেম্বর থেকে বন্দি করে রেখেছে। বাড়ি থেকে কোনোভাবেই বের হতে দিচ্ছে না। বাড়ির প্রবেশ পথে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা সার্বক্ষনিক অবস্থান করছেন। দলীয় নেতাকর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছেন।’
তিনি বলেন, ‘আমাদের কর্মী সমর্থকরা প্রচারণায় গেলেই পেটানো হচ্ছে। নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং তো দূরের কথা ঘর থেকেই জালাল বের হতে পারছেন না।’স্বামী জালালের পক্ষ থেকে তিনি অভিযোগ করে আরো বলেন, ‘গত ১৫ ডিসেম্বর মতলব দক্ষিণে আমাদের বাড়ি থেকে তালা ভেঙ্গে কর্মীদের পিটিয়ে নির্বাচনী পোস্টারসহ সব ধরণের নির্বাচনী সামগ্রী লুট করা হয়েছে। সহকারি পুলিশ সুপার (সার্কেল) রাজন কুমার দাস ও মতলব উত্তর ও দক্ষিণের ওসি বিএনপির কর্মীদের নৃসংসভাবে নির্বাচন করতে আওয়ামী লীগের কর্মীদের উলঙ্গভাবে সর্বাত্মক সহায়তা দিচ্ছেন।’
‘সার্কেল এএসপি রাজন কুমার দাস ও মতলব উত্তর ও দক্ষিণের ওসি সরকার দলের নেতাকর্মীদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন। এমতাবস্থায় নির্বাচনী প্রচার প্রচারণা চালানো তো দূরের কথা তাদের স্বপদে বহাল রাখা হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রেখেছিলাম। অভিযোগও করা হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থার প্রতিফলন আমরা দেখিনি। এমন অবস্থা চলতে থাকলে মানুষের আস্থা নির্বাচন কমিশন থেকে উঠে যাবে। সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং এর স্বার্থে ওই তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যহারের দাবিও জানান তিনি।




