‘আমার পছন্দের একটি দল আছে, আমি চাই তারা আবার ক্ষমতায় আসুক’
বিনোদন ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর কয়েক দিন বাকি। দেশজুড়ে এখন ভোটের আমেজ। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোট আনন্দে পিছিয়ে নেই। তারাও ভাবছেন, তাদের পছন্দের দল ক্ষমতায় আসুক। দেশ উন্নয়নে ঝাঁপিয়ে পড়ুক। আসন্ন নির্বাচন নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির ভাবনার কথা জানতে চাইলে তিনি দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন,‘আমি চাই, যে মানুষটি দেশের জন্য ভাবে, যার চিন্তা-ভাবনায় দেশের উন্নয়ন, সে দল ও মানুষকেই ক্ষমতায় দেখতে চাই। আমার পছন্দের একটি দল আছে। আমি চাই, তারা আবার ক্ষমতায় আসুক।’
মাহিয়া মাহি রাজধানীর উত্তরার ভোটার। কিন্তু বেশির ভাগ সময়ই তিনি শ্বশুড়বাড়ি সিলেটে কাটিয়ে থাকেন। তবে মাহি জানালেন, ভোটের দিন অবশ্যই তার ভোট এলাকায় উপস্থিত থাকবেন এবং সকালেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। চলচ্চিত্রের কোন সমস্যাগুলো সবার আগে পরিবর্তন করা জরুরি? জানতে চাইলে মাহিয়া মাহি বললেন,‘আমাদের সিনেমা জগতে অনেক সমস্যা আছে। এর মধ্যে প্রধান কিছু সমস্যা হলো সিনেমাহল সংকট, হলের সুষ্ঠু ব্যবস্থাপনা, শিল্পীদের আর্থিক সহযোগিতা ইত্যাদি। দেশে হলের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। আজ একটা হল বন্ধ হলে, কাল আরেকটা বন্ধ হচ্ছে। হলের পরিবেশও ক্রমশ নষ্ট হচ্ছে। দর্শকদের হলমুখী করতে হবে। এ সমস্যার সমাধান খুব জরুরি।’
মাহি আরও বলেন, ‘আমরা প্রায়ই দেখি, শিল্পীরা নানা সময় দেশবাসীর কাছে সাহায্য-সহযোগিতা চাইছেন। বিশেষ করে, চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী এরই মধ্যে অসংখ্য শিল্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এভাবে আর কত? নিজের কাছেও খুব খারাপ লাগে, যখন কোনো সহশিল্পী বা গুণী মানুষ চিকিৎসার জন্য অন্যের কাছে সাহায্য চায়। আর হাত পাততে চাই না। আমরা কাজ করে স্বচ্ছল হতে চাই। শিল্পীদের তহবিল থেকে শিল্পীদের উন্নয়ন করতে হবে।’
নৌকা প্রতীকে চিত্রনায়ক ফারুকের নির্বাচন করা নিয়েও কথা বললেন মাহি। জানালেন সমর্থন, ‘আমাদের চলচ্চিত্রের মানুষ, শ্রদ্ধেয় গুণীজন চিত্রনায়ক ফারুক ভাই নির্বাচন করছেন। তিনি ক্ষমতায় গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে। কারণ এই শিল্পের সমস্যাগুলো তিনি খুব সহজেই চিহ্নিত করতে পারবেন। তাকে আমরা সব সময়ই কাছে পেয়েছি।’




