241194

লেভেল প্লেয়িং ফিল্ড দিলে আ.লীগের পরাজয় নিশ্চিত : নবী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (প্রার্থীদের সমান সুযোগ) দেওয়া হলে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নবী উল্লাহ নবী। শনিবার সকালে আসনের ডেমরার বাঁশেরপুল এলাকার গণসংযোগ চালানোর সময় ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী নবী উল্লাহ সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছুই নেই। এখানে সরকার চাইছে নির্বাচন কমিশন ছাড়াই নির্বাচন করতে। নির্বাচন কমিশনের দরকার ছিল না। সরকার জানে তাদের অপকর্মে তাদের ভোট নেই, লেভেল প্লেয়িং ফিল্ড দিলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত। এ জন্য তারা বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা করে ভোট কেন্দ্র ছাড়া করতে চায়। তারা আগের মতো ভোটার বিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে।’

বিএনপির এ প্রার্থী আরও বলেন, ‘যেখানে প্রচারণা চালাচ্ছি আগের দিন সেখান থেকে লোকজন ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। পোস্টার লাগালে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ আমাদের প্রতিপক্ষ, কিছু অতি উৎসাহী পুলিশ রয়েছেন। তারা এসব কর্মকাণ্ড করছে।’‘এভাবে করলে তো নির্বাচন দেয়ার প্রয়োজন নেই, তারা ঘোষণা দেক আমরা সারাজীবন ক্ষমতায় থাকব। রাজতন্ত্র কায়েম করব। দেশে কোনো নির্বাচন দরকার নেই, রাজনৈতিক দলও দরকার নেই।’ -বলেন নবী উল্লাহ।তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে। দেশনেত্রী মুক্তি পাবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন।’

নির্বাচনের আগে বাকি কয়েকদিনের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে নবী উল্লাহ বলেন, ‘আগামী সাতদিন গণসংযোগের মধ্যে থেকে অফিসিয়াল যে কাজ পোলিং এজেন্ট ঠিক করা, ভোটার তালিকা বিতরণ এসব কাজ করা হবে। জনগণের কাছে যতটুকু যাওয়া সম্ভব এ সময়ের মধ্যে যেতে হবে, সেই চেষ্টা আমি করব।’শনিবার নবী উল্লাহ নবী নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লাসহ আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ, ভোটারদের কাছে ভোট ও দোয়া চাওয়ার মাধ্যমে গণসংযোগ চালান। কোনাপাড়া ফার্মের মোড় এলাকায় গিয়ে শেষ হয় প্রচারণা।যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী থানার আংশিক নিয়ে ঢাকা-৫ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৫৯২ এবং নারী ভোটার ২ লাখ ১৯ হাজার ১৩৩ জন।এই আসনে ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ad

পাঠকের মতামত