জামায়াত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া জামায়াতের প্রার্থীদের ভগ্য নির্ধারণ হবে (রোববার) আজ। এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর এ্যাড. মাহমুদ আল নূর তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।সিইসি বলেন, ‘আদালতের নির্দেশের প্রেক্ষিতে রবিবার নির্বাচন কমিশনে একটি বোর্ড মিটিং হবে। সেই মিটিংয়ে আদালতের আদেশ বিশ্লেষণ করে জামায়াতের ২২ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ এসময় তিনি আরো বলেন, ‘নির্বাচন বানচাল করার কোনো পরিস্থিতি নেই, পরিবশেও নেই। কারো সাহসও নেই। যেসব আসনে প্রার্থীতা স্থগিত এবং বাতিল করা হয়েছে সেখানে নতুন করে প্রার্থীতা দেয়ারও কোনো সুযোগ নেই।’
এর আগে মতবিনিময় সভায় সিইসি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্ব নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ২৫ ডিসেম্বর থেকে নির্বাচনী তদন্ত কমিটি (ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি) থাকবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি এনডিসি পিএসসি, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ৭৭ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, ৩৯ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
এছাড়াও র্যাব ১৪ অধিনায়ক লে.ক. ইফতেখার উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. সারোয়ার হোসেনসহ প্রমূখ। বিভাগীয় পর্যায়ের জেলা সমুহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।




