241255

নৌকার পক্ষে ভ্যান চালাচ্ছেন সালাম মুর্শেদী

ভোটারদের আকৃষ্ট করতে নিজেই নৌকাবাহী প্রচার ভ্যান চালিয়ে আলোচনায় এসেছেন নির্বাচনে খুলনা ৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের আওয়ামী লীগ প্রার্থী এবং এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মূর্শেদী এমপি।শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর সময় রূপসা উপজেলার রহিমনগর এলাকায় এই কাজ করেন বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের এই তারকা ফুটবলার।রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু এ বিষয়ে বলেন, সালাম মুর্শেদীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে রহিমনগরের বাসিন্দারা এ প্রচার ভ্যানটি তৈরী করেন। তবে, তিনি নিজেই নৌকার প্রচারভ্যান চালানোতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

প্রচারণাকালে সালাম মূর্শেদী বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, নতুন নতুন স্কুল কলেজ না করে পুরাতনগুলো নতুনের রূপ দেওয়া হবে। বন্ধ শিল্প-কলকারখানা পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং উন্নয়নের অংশীদার হতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে হবে। এ জন্য ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে এই বিজয়ের মাসে আরেকটি বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানাই।

শুক্রবার সালাম মুর্শেদী রহিমনগর ছাড়াও নৈহাটী ইউনিয়নের রামনগর, মুজিব মোড়, মেহেরুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, নৈহাটী মোড়, নৈহাটী কালিবাড়ি বাজার, আলাইপুর বাজার, জাবুসা বাজারসহ বিভিন্ন স্থানে নির্বাচনী উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সমাবেশ করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ad

পাঠকের মতামত