241457

এই আম্পায়ারের দিকেই তেড়ে গিয়েছিলেন সাকিব-তামিম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ শনিবার ওশান টমাসের একই ওভারে পরপর দুটি ভুল সিদ্ধান্ত দিয়ে তুমুল বিতর্কিত হয়েছেন আম্পায়ার তানভীর আহমেদ। ‘নো বল’ দেওয়ার সিদ্ধান্ত দুটি বাংলাদেশের পক্ষে এলেও প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ে ক্ষুব্ধ হয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা। এমন বাজে আম্পায়ারিংয়ের তুমুল প্রতিবাদ করছেন তারা। আর আম্পায়ার তানভীর আহমেদ? তার অতীতের কীর্তির গল্প কিন্তু বেশ লম্বা!ঘরোয়া ক্রিকেটে প্রচুর ভুল সিদ্ধান্ত দেওয়ার জন্য বিতর্কিত হয়েছেন এই আম্পায়ার। ভুল সিদ্ধান্তের কারণেই তার দিকে তেড়ে গিয়েছিলেন দেশের দুই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ২০১৫ বিপিএলে তখনকার রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান তেড়ে গিয়েছিলেন তানভীর আহমেদের দিকে।

থিসারা পেরেরার বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুশফিক পরিস্কার কট বিহাইন্ড হলেও তা দেননি আম্পায়ার তানভীর। জোড়ালো আবেদন হয়। আম্পায়ারের সাড়া না পেয়ে সাকিব এর প্রতিবাদ জানান। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসতে হয় অপর আম্পায়ার শরফুদ্দৌলাকে। সেই আচরণের কারণে সাকিবকে এক ম্যাচ নিষিদ্ধও হতে হয়।তামিমের ঘটনাটি পরের বছর ২০১৬ সালের। সুপার লিগের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড এবং প্রাইম দোলেশ্বর। সাকলাইন সজীবের বলে রকিবুল হাসান তখন ব্যাট করছিলেন। একটি স্টাম্পিংয়ের আবেদনে সাড়া না দিলে উত্তপ্ত হয়ে ওঠে আবাহনী শিবির। তামিম ইকবাল তেড়ে যান দুই আম্পায়ারের দিকে। শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত হয়ে যায়।

সেই আম্পায়ার তানভীর আন্তর্জাতিক ম্যাচেও দেশের মান ডোবালেন এবার। টিভি স্ক্রিনে সারাবিশ্ব দেখল ১০ মিনিটের বিব্রতকর নাটক। তার ঘোষিত নো বল দুটি পুরোপুরি বৈধ ছিল। টিভি রিপ্লেতে খুব পরিস্কারভাবে দেখা গেছে এই দৃশ্য। এই ঘটনায় বিব্রত দেশের ক্রিকেটপ্রেমীরা। তারা বলছেন, এমন বাজে আম্পায়ারিং করে দেশের বদনাম করার মানে কী?

ad

পাঠকের মতামত