আটার চাপড়া খেয়ে আব্দুল আলীম ফকিরের গণসংযোগ
প্রতিদিন আটার চাপড়া খেয়ে নির্বাচনী গণসংযোগ করছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী আব্দুল আলীম ফকির।তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজ হাতে আটা মাখিয়ে দুটি চাপড়া তৈরি করেন। এরপর তা খেয়ে বেরিয়ে পড়েন নির্বাচনী প্রচারণায়।দিনভর নির্বাচনী কাজ শেষে গভীর রাতে বাড়ি ফেরেন তিনি। এরপর নিজ হাতে আবার রান্না করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।শনিবার পৌর এলাকার মণিরামপুর বাজার, নতুন মাটি, তালগাছি, গাড়াদহ, হরিরামপুর বাজার ও কায়েমপুর এলাকায় গণসংযোগ করেন আব্দুল আলীম।আব্দুল আলীম ফকির জানান, তার প্রতীক মই মার্কা বরাদ্দ পাওয়ার পর থেকে এভাবেই চলছে তার নির্বাচনী প্রচারাভিযান। তিনি দলীয় কর্মকাণ্ড চালাতে তার নিজ বাড়ি চরাচিথুলিয়া ছেড়ে তিনি বাস করেন শাহজাদপুর থারার পাশে টিনের একটি ভাড়া বাসায়। এখানে আর কেউ না থাকায় তাকেই রান্না করে খেতে হয়।
এলাকাবাসী জানান, তার এমন কর্মকাণ্ডের দৃশ্য বারবার মনে করে দেয় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। তিনিও ঠিক এভাবেই জীবনে কষ্ট করে তিল তিল করে গড়ে তুলেছিলেন তার প্রিয় দলকে। আজ তারই আদর্শের অনুসারী হয়ে আবির্ভূত হয়েছেন আব্দুল আলীম ফকির। মাওলানা ভাসানীর আত্মত্যাগে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আর আব্দুল আলীম ফকির লড়ছেন শোষিত বঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে। যিনি নিজেই ৩ বেলা পেটভরে ভাত খেতে পারেন না। অথচ অন্যের মুখে ভাত তুলে দিতে,মুখে হাসি ফুটাতে এত কষ্ট করছেন। শোষণহীন সমাজ গড়ে তুলতে নিরলস লড়াই-সংগ্রাম করছেন।তারা আরও বলেন, মানুষ এখন তাকে ভোট না দিলেও তার এ আত্মত্যাগ বিফলে যাবে না। একদিন এর সুফল আসবেই।
এ ব্যাপারে আব্দুল আলীম ফকির বলেন,আমি বিশ্বাস করি এ দেশ একদিন শোষণ নিপীড়নের হাত থেকে মুক্তি পাবে। তাই নিরলসভাবে সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।এদিকে সারা দিন এমপি প্রার্থী আব্দুল আলীমের সঙ্গে ঘুরে দেখা গেল, তিনি নিজেই তার পোস্টার লাগাচ্ছেন। নিজেই মাইকিং করছেন। নিজেই লিফলেট বিতরণ করছেন। আবার নিজেই নিজের প্রতীকে দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। ফলে তিনি এলাকায় গরিবের বন্ধু হিসেবে বেশ পরিচিত হয়ে উঠেছেন। তার এ কাজে সার্বক্ষণিক সহযোগিতা করছেন শাহজাদপুর উপজেলা বাসদের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হেসেন ও ছাত্রনেতা সানোয়ার হোসেন।




