মাশরাফিকে না জিতিয়ে বাড়ি ফিরবেন না বগুড়ার এই তরুণ!
নড়াইল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার পক্ষে ব্যতিক্রর্মী প্রচারণা শুরু করেছেন বগুড়ার সাখাওয়াত হোসেন নামে এক তরুণ।মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, বুকে-পিঠে মাশরাফির পোস্টার ঝুলিয়ে নির্বাচনী এলাকায় এদিক-ওদিক ছুটে চলছেন এই তরুণ। কখনো বাঁশি বাজিয়ে, আবার কখনো মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি।নিজ নির্বাচনী এলাকা ছেড়ে শুধুমাত্র ভালোবাসার টানে নড়াইলে মাশরাফির নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন অন্ধভক্ত সাখাওয়াত হোসেন।এটা বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির জন্য ভালোবাসা। সারা শরীরে মাশরাফির নির্বাচনী পোস্টার সেঁটেছেন। ধ্যানে-জ্ঞানে মাশরাফি। কখনো মুখে বাঁশি বাজিয়ে, আবার কখনো খালি গলায় চিৎকার করে প্রচার করছেন ‘মাশরাফি ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।’
গত দু’দিন আগে তিনি সুদূর বগুড়া থেকে নড়াইলে এসেছেন। কোথায় থাকবেন? জিজ্ঞেস করলে উত্তরে বলেন, ‘নড়াইলে মাশরাফি ছাড়া আর কেউ তো তেমন পরিচিত নন। কিন্তু বসের (মাশরাফি) জন্য তো কাজ করতে হবে। তাই নড়াইল শহরের ডলফিন হোটেলে রাত কাটাচ্ছি এবং এখানেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরপর ভোরবেলা থেকেই শুরু করি নির্বাচনী প্রচারণা।’মাশরাফির ছবি বুকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন মাশরাফিকে না জিতিয়ে বাড়ি ফিরবেন না বগুড়ার এই তরুণ।৩০ ডিসেম্বর নির্বাচন। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ শেষ। বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জিতেছে মাশরাফির নেতৃত্বে। এরই মধ্যে তার পায়ের চিকিৎসা চলছে। এখনো বাড়ি ফেরেননি ঘরের ছেলে।
নড়াইলবাসীর মতো মাশরাফির জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন সাখাওয়াতও।মাশরাফি কী এটা জানেন? দূর বগুড়া জেলা থেকে আসা ভক্তটি নিজ উদ্যোগে নড়াইলের আনাচ-কানাচ কনকনে শীত উপেক্ষা করে দ্বারে দ্বারে ভোট চাইছেন।ইতিমধ্যে মাশরাফি তার অন্ধভক্ত সাখাওয়াত সম্পর্কে জেনেছেন। এরপর মাশরাফিই এই ভক্তের ফ্রি থাকার ব্যবস্থা করেছেন শহরের চিত্রা রিসোর্টে। যুগান্তর




