‘বানোয়াট’ গল্প লিখে ধরা খেলেন সাংবাদিক
ডেস্ক রিপোর্ট।। সাংবাদিকতার মূল ভিত্তিই হচ্ছে বস্তুনিষ্ঠতা। সেখানে সাংবাদিকদের থেকে মনগড়া কাহিনী বানানোর প্রশ্নই উঠে না। তবে এমনই এক কাণ্ড ঘটিয়ে বসলেন জার্মান সাংবাদিক ক্লাস রেলোটিউস। একাধিক মিথ্যা গল্প লেখার অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন তারকা সাংবাদিক ক্লাস। তিনি জার্মানির অন্যতম শীর্ষ সাপ্তাহিক পত্রিকা ডেয়ার স্পিগেলের একজন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ বছরের ইতিহাসে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েনি পত্রিকা ডেয়ার স্পিগেল। ডেয়ার স্পিগেল এক প্রতিবেদনে জানায়, তাদের একজন সাংবাদিক বছরের পর বছর ধরে ‘বিরাট সব গল্প’ সাজিয়ে তা প্রতিবেদন আকারে প্রকাশ করতেন৷ গত নভেম্বর মাসে ‘জার্মান রিপোর্টার্স অ্যাওয়ার্ড ২০১৮’ জেতেন ৩৩ বছর বয়সি ক্লাস৷ এক সিরিয়ান বালকের গল্প লিখে তিনি সেরা প্রতিবেদনের পুরস্কার পান৷
ডেয়ার স্পিগেল জানিয়েছে, পুরস্কার প্রাপ্তির পর পরই ক্লাসে বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের একটি প্রতিবেদন নিয়ে মূলত সন্দেহের শুরু৷ এ প্রতিবেদনটি হুয়ান মোরেনো নামের আরেক সাংবাদিকের সঙ্গে যৌথভাবে করেন ক্লাস৷ পরে ঐ সাংবাদিক ক্লাসের বিরুদ্ধে অসততার অভিযোগ আনেন৷ এর পরই প্রতারণার অভিযোগ স্বীকার করেন তিনি। এর জেরে গত সপ্তাহে পদত্যাগও করেন তিনি৷ তিনি বলেন, ‘বড় কিছুর জন্য নয়, বরং ব্যর্থতার ভয় থেকে করেছি।’
পত্রিকায় ৬০টির মতো প্রতিবেদন ছাপানো এই সাংবাদিক আরও স্বীকার করেছেন, একবার দুবার নয়, তিনি বেশ কয়েকবার নিজে নিজে গল্প বানিয়েছেন অথবা তথ্য বিকৃতির পথ বেছে নিয়েছেন৷ ২০১৪ সালে সিএনএন জার্নালিস্ট অফ দ্য ইয়ার পুরস্কার পান ক্লাস৷ ফ্রিল্যান্সার হিসেবে দেশি-বিদেশি জনপ্রিয় পত্রিকায় লিখেছেন তিনি৷




