‘আমাকে বলে, এক ঘণ্টার মধ্যে এলাকা থেকে তাড়িয়ে দেবে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এক ঘণ্টার মধ্যে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।আজ শুক্রবার নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে দিনব্যাপী নির্বাচনী প্রচারণার সময় উপজেলার বাটাইয়া ইউনিয়নের নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত একটি সমাবেশে তিনি এ তথ্য জানান।ওবায়দুল কাদের বলেন, ‘এর আগে প্রচারণায় গিয়েছি, আমাকে হুমকি দেওয়া হয়েছে। বলে, এক ঘণ্টার মধ্যে এলাকা থেকে তাড়িয়ে দেবে। আমি বলতে চাই- আমি বসন্তের কোকিল নই, ভোট আসলে এলাকায় আসবো, আর ভোট চলে গেলে এলাকা ছেড়ে চলে যাব। আমি এ এলাকার সন্তান। আমি ক্ষমতায় থাকলেও এলাকায় থাকবো। ক্ষমতা হারালেও এলাকায় থাকবো। হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’
এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রেসলেস ড্রাইভার মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, ‘নৌকার পক্ষে নারী-পুরুষ ও তরুণদের ঢল দেখে বিএনপি বেসামাল হয়ে পড়েছে। মির্জা ফখরুল এখন রেসলেস ড্রাইভার হয়ে গেছেন। আর এ বেপরোয়া ড্রাইভার কখন যে দুর্ঘটনা ঘটায় সেটাই এখন চিন্তার বিষয়।’বালুয়া দির্ঘী প্রাথমিক বিদ্যালয়ে এক পথসভায় মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আজ তার মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ওনার হতাশার বানীতে বিএনপির কর্মীরাও হতাশ।’তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্ট চলে তারেক জিয়ার নির্দেশে। আজ তারা নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। সন্ত্রাস, দূর্নীতি, মানুষ হত্যা হচ্ছে বিএনপির মূল নীতি।’ এ সময় ৩০ ডিসেম্বর গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে ভোটারদের আহ্বান জানান কাদের।
সিরাজপুর ইউনিয়নের কেটিএম হাটে এক পথসভায় ওবায়দুল কাদের বলেন, ‘আমি আবারো নির্বাচিত হলে এ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করবো। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম শহর হবে। আমরা নির্বাচিত হলে এ প্রতিশ্রুতিও বাস্তবায়ন করবো। আমরা যা বলি তা করি। যা করতে পারিনা তা বলিনা।’ উল্লেখ্য, সিরাজপুর ইউনিয়নের কেটিএম হাটে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ি।এ সময় বিএনপির প্রার্থী মওদুদকে নিয়ে নানা সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে মিথ্যা প্রতিশ্রুতি দাতা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এলাকার মানুষ জেগে গেছে। মানুষ কাজ চায়। মিথ্যা প্রতিশ্রুতি দাতাকে আর দেখতে চায়না।
ভোটের সময় এসে আমার বিরুদ্ধে ঘরে বসে মিথ্যাচার করছেন। আপনি মিডিয়াকে লাগিয়ে দিয়ে ফরমায়েশি নিউজ করাচ্ছেন। মনে করেছেন এতে করে আমার জনপ্রিয়তা কমে যাবে। এসবে কোনো লাভ হবে না মওদুদ ভাই জনগণ আমার সঙ্গে আছে, আপনার সঙ্গে নাই।’কাদেরের এই প্রচারণা যাত্রায় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সূত্র: দৈনিক আমাদের সময়




