240860

নির্বাচনী মাঠে ফখরুল কন্যা

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন মেয়ে মির্জা শামারুহ। দেশে ফিরে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। তার প্রচার সমাবেশ থেকেই জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি বিএনপিতে যোগ দেন।এর আগে, বুধবার (১৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন শামারুহ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার সারাদিন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন তিনি।এসব সভায় বক্তব্যে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার বাবা এই ৭০ বছর বয়সে আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। উনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, বৃদ্ধ অবস্থায়ও লড়েছেন। আপনারা কি থাকবেন না তার জন্য?

মির্জা ফখরুলের সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেয়ার কথা উল্লেখ করে শামারুহ বলেন, আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখনই বাবা চাকরি বাদ দিয়ে মানুষের সেবা করতে রাজনীতিতে যোগ দেন। জনগণের সেবা করতে গিয়ে তিনি বারবার জেল খেটেছেন। শুধু আপনাদের সেবা করার জন্যে।তিনি বলেন, এবারের ভোট শুধু ধানের শীষের জন্যে নয়, বরং দেশ রক্ষার জন্যে হলেও এবারের ভোটে ধানের শীষকে জয়ী করতে হবে। এসময় শামারুহের সাথে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত