‘ধানের শীষের জোয়ার টের পেয়ে নির্বাচনী মাঠ ভোটারশূন্য করছে সরকার’
সরকার ধানের শীষের জোয়ার টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নিজেদের সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়ে নির্বাচনী মাঠ ভোটারশূন্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সরকারি সন্ত্রাসের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে বিএনপি।মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। এতে বিএনপি নেতা আবেদ রাজাসহ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।এ সময় তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশব্যাপী পুলিশের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আগামী নির্বাচনকে একতরফা করার জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে।রিজভী বলেন, দেশনেত্রীর মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে।তিনি বলেন, এখন সরকার ধানের শীষের জোয়ার টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নিজেদের সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়ে নির্বাচনী মাঠ ভোটারশূন্য করে যাচ্ছে।তবে বিগত ১০ বছরের অপকর্ম আর অপকীর্তি জনগণ আর মেনে নেবে না বলে মনে করেন বিএনপির এ নেতা।রিজভী বলেন, আসন্ন নির্বাচনেই জনগণের ভোটে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন হবে।তিনি সরকারের যে কোনো উসকানিতে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সূত্র: যুগান্তর




