240492

বিদেশ যাচ্ছেন না ড. কামাল

আজ বিকালে সংবাদ সম্মেলন করার কথা ছিল ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের। তবে সকালে জানানো হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ড. কামাল। সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে চিকিৎসা করাতে বিদেশ যাচ্ছেন ড. কামাল হোসেন। বিষয়টি চাঞ্চল্য তৈরি হয় রাজনৈতিক মহলে।তবে বিদেশ যাওয়ার খবর উড়িয়ে দিয়েছেন ড. কামালের গণফোরাম। গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড. কামালের বিদেশ যাওয়ার খবর পুরোপুরি গুজব। এরকম কোন সম্ভবনা নাই। ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিভ্রান্ত করতেই সুকৌশলে একটি মহল এমন গুজব ছড়াচ্ছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বরে সর্বশেষ বিদেশ সফর করেন ড. কামাল। চিকিৎসা করাতেই তিনি বিদেশে গিয়েছিলেন। চিকিৎসা শেষে ৬ অক্টোবন দেশে ফিরেন তিনি।জানা যায়, সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তারকরাসহ-দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতেই এই বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন ড. কামাল। এর আগে বুধবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন ড. কামাল।কূটনৈতিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ড. কামাল সাংবাদিকদের বলেন, আমরা আমাদের ইশতেহার কূটনীতিকদের কাছে তুলে ধরেছি। আমরা আমাদের কথাগুলো তুলে ধরেছি। এ ব্যাপারে তাদেরও অবজারভেশন আছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘রাস্তায় এত পুলিশ, আমি কখনও দেখিনি। যাকে-তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা বলছেন, ২ জানুয়ারির পর তাদের ছেড়ে দেওয়া হবে। এ থেকে প্রমাণিত হয় নির্বাচনে যাতে বিরোধী দল নামতে না পারে সে জন্য পুলিশ এই তৎপরতা চালাচ্ছে যাতে ভোট ছিনিয়ে নেওয়া যায়, বিরোধী দলের নেতাকর্মীরা যাতে ভোটের মাঠে না থাকেন।’

ad

পাঠকের মতামত