‘বিএনপির সন্ত্রাসীরাই আমার বাড়িতে হামলা চালিয়েছে’
বুধবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শ্রীনগরে মাহী বি চৌধুরীর গ্রামের বাড়িতে গুলি ও আটপাড়ায় মাহীর নৌকা প্রতীকের সমর্থনে স্থাপিত নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য বিএনপি দায়ী করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন।বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য তিনি বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে দায়ী করেছেন। মাহী বলেন, এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে চাচা ডাকি। তার এমন কর্মকাণ্ডে খুব দুঃখ লাগে।
তিনি বলেন,শাহ মোয়াজ্জেমের চরিত্র এখনও পরিবর্তন হয়নি। ঢাকা থেকে বহিরাগতরা এলাকায় প্রবেশ করেছে। ৪-৫ দিন ধরে এসব খবর পেয়েছি। পুলিশকে এই বিষয়গুলো জানানো হয়েছে। বিএনপি,জামায়াত শিবির কর্মীদের একত্র করে এখানে পাঠানো হয়েছে। একদল সন্ত্রাসী ৫ রাউন্ড গুলি ছুঁড়েছে আমার বেড রুমে। আমি বাচ্চাদের সাথে নির্বাচনী ক্যাম্পেইনে ছিলাম। খবর পেয়ে দ্রুত বাসায় যাই। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা জব্দ করে।তিনি আরও বলেন, এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে চাচা ডাকি। তার এমন কর্মকাণ্ডে খুব দুঃখ লাগে। আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা ভাবা মোটেও ঠিক হবে না। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই।
এ সময় শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, সিরাজদিখান উপজেলা বিকল্প ধারার সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।




