240336

বাবার স্বপ্ন পূরণে ধানের শীষে ভোট চাই: রেজা কিবরিয়া

মাঝখানে নির্বাচনী প্রচার বন্ধ রেখে ফের সরব হয়েছেন হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া।তার প্রচারে বারবার উঠে আসছে তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া প্রসঙ্গ।মূলত বাবার অসমাপ্ত কাজ করার প্রতিশ্রুতি প্রাধান্য পাচ্ছে রেজা কিবরিয়ার প্রচারে।সেই সঙ্গে তার আওয়ামী লীগ ছেড়ে ধানের শীষের প্রার্থী হওয়ার বিষয়টিও বারবার উঠে আসছে।বুধবার দিনভর নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেন রেজা কিবরিয়া। এ সময় বক্তব্যে তিনি বলেন, নবীগঞ্জ-বাহুবল নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন পূরণ হয়নি। আমাকে আপনারা আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারব।

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য রেজা কিবরিয়া বলেন, আমাকে নির্বাচনী মাঠ থেকে সরাতে নানা চেষ্টা করা হচ্ছে। তবে যতই ঝামেলার সৃষ্টি করা হোক না কেন, মাঠ ছাড়ব না। জনগণ পাশে আছে।এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমাকে একবার নির্বাচিত করেন। ইনশাআল্লাহ এ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।গত মঙ্গলবার থেকে তিনি নির্বাচনী মাঠে সরব হন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বুধবারও তিনি নবীগঞ্জে গণসংযোগ করেন। এ সময় ড. রেজা কিবরিয়ার সঙ্গে জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার দিনভর গণসংযোগে তিনি মাইক্রো থেকে ভোটারদের উদ্দেশে হাত নাড়িয়ে ধানের শীষে ভোট চান।এর আগে গত রোববার রেজা কিবরিয়া নিরাপত্তাহীনতা বোধ করে নিজের নির্বাচনী এলাকা ছেড়ে ঢাকায় চলে যান।মঙ্গলবার তিনি আবারও নির্বাচনী এলাকায় আসেন ও প্রচারণায় নামেন। নির্বাচন পর্যন্ত এলাকায় থাকবেন বলেও জানান কিবরিয়াপুত্র।নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ-১ আসন। অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। রেজা কিবরিয়া গত ১৮ নভেম্বর গণফোরামে যোগ দেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পান।

ad

পাঠকের মতামত