240513

ফাঁকা আসনে বিকল্প প্রার্থী বা পুনঃতফসিল চায় বিএনপি

আইনি জটিলতায় প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করতে পারছেন না সেসব আসনে পুনঃতফসিল বা বিকল্প প্রার্থী চেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের কাছে এ আবেদন করে একটি চিঠি দিয়েছে দলটি। বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি আজ বৃহস্পতিবার দুপুরে ইসিতে পৌছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।চিঠিতে বলা হয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশন কতৃক বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় একজন করে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এর প্রেক্ষিতে নির্বাচনী প্রচারণা শুরুর পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা কোনো প্রতিষ্ঠানের আবেদনক্রমে হাইকোর্ট আমাদের (বিএনপির) কয়েকজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

আসনগুলোতে আমাদের ধানের শীষের প্রার্থী বাতিল হওয়ায় ওই সব আসনে আমাদের দল বা জোট আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আসনগুলোতে আমাদের দল বা জোট প্রতিদ্বন্দিতা করতে না পারলে তা শুধু ন্যায় বিচার পরিপন্থী নয়-বিনা দোষে শাস্তি পাওয়ার শামিল হবে। এ ব্যাপারে কোন ত্রুটি হয়ে থাকলে তার দায় নির্বাচন কমিশনের।আমাদের নয়।এজন্য সংশ্লিষ্ট আসনে ইসি কর্তৃক বৈধ ঘোষিত আমাদের দল বা জোটের জন্য অন্য কোনো প্রার্থীকে মনোনীত করার এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার ব্যবস্থা নিন। অথবা নির্বাচন স্থগিত করে নতুন করে নির্বাচনী শিডিউল ঘোষণা করা হোক।

ad

পাঠকের মতামত