একটু ভুলেই ঘটতে পারে লংকাকাণ্ড: ইসি সচিব
সামান্য ভুলেই লংকাকাণ্ড ঘটে যেতে পারে জানিয়ে সংসদ নির্বাচনের ফল দ্রুত পাঠাতে গিয়ে অস্থিরতায় না ভুগতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক কর্মশালায় তিনি এ কথা বলেন।ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়্যার বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট।ইসি সচিব বলেন, ফল পাঠাবেন সতর্কতার সঙ্গে, যাতে পরিসংখ্যানগত কোনো ভুল না হয়। না হলে একটু ভুলেই এলাকাতে লংকাকাণ্ড ঘটে যেতে পারে।
তিনি বলেন, ফল পাঠাতে যাতে কোনো ভুল না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যতদ্রুত সম্ভব আপনারা এটি আমাদের কাছে পাঠাবেন।‘দ্রুত পাঠাতে গিয়ে আবার অস্থিরতায় ভুগবেন না। ঠাণ্ডা মাথায় ও সুস্থিরভাবে কাজ করবেন। কারণ নির্বাচনের দিন উত্তেজনা থাকে, হৈ-হুল্লোড় থাকে। সেগুলো মাথা থেকে ঝেড়ে আপনার কাজ আপনি করবেন।’তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো বিপুলসংখ্যক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, ইটিআইয়ের মহাপরিচালক (ডিজি) মোস্তফা ফারুক, পরিচালক মো. ফরহাদ হোসেন। সূত্র:যুগান্তর




