ভোটের মাঠে মির্জা ফখরুলের স্ত্রী
স্বামীর জন্য ভোটের মাঠ নেমেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। ঠাকুরগাঁও-১ আসনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন তিনি।মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন ও বগুড়া-৬ আসনে লড়ছেন।বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখর, পাঠান পাড়া, ভেলাহাট, গুঞ্জুরা বাজার, দেবীডাঙ্গা, কালিবাড়ি এসব স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক করেন রাহাত আরা বেগম। এছাড়াও সদর উপজেলার বিকালে রুহিয়া ইউনিয়নের কানি কশালগাঁও, মন্ডলাধাম, ১,২ ও ৩ নং সেনিহারির বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।
গণসংযোগের সময় ফখরুলের সহধর্মীনি রাহাত আরা বেগম ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার আহবান জানান তিনি।গণসংযোগের সময় তার সাথে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ-সভাপতি সামসুজ্জোহা চৌধুরী ডন, সৈয়দ মমিনুল হক বাবু, যুগ্ম সাধারন সম্পাদক আনসারুল হক, তাঁতী বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম রোমান, জেলা মহিলাদলের সভানেত্রী ফরাতুন নাহার প্যারিস প্রমুখ।ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ইসলামের প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। তিনি ও দলটির নেতাকর্মীরা ইতিমধ্যে এলাকায় নির্বাচনী প্রচারণায় বেশ সাড়া ফেলেছেন।




