কাঁদলেন মির্জা ফখরুল, কাঁদালেন নেতাকর্মীদের
দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে আবার কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবেগআপ্লুত হয়ে কাঁদালেন নেতাকর্মীদেরও।আজ বুধবার বিকেলে কুমিল্লার সুয়াগাজী পুরাতন হেলিপ্যাড মাঠে কারাবন্দী নেতা মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী সভায় আবেগ প্রবণ হয়ে কেঁদে ফেলেন ফখরুল। কুমিল্লা জেলা বিএনপি নেতা মনিরুল হকের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী সায়মা ফেরদৌসকে পাশে রেখে তার এই কান্না ছুঁয়ে যায় মাঠের নেতাকর্মীদের, এ সময় অনেক নেতাকর্মীকেও কাঁদতে দেখা যায়।
কান্নাজড়িত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, ‘এই যে আমার মেয়ে শাম্মী। এত কথা বলেছে কার জন্যে? তার তো আজকে জনসভায় কথা বলার কথা নয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার গবেষণা করার কথা, ছাত্র-ছাত্রীদের পড়ানোর কথা। বাবার জন্য ছুটে বেড়াচ্ছে ।’
মির্জা ফখরুল বলেন, ‘মনে রাখতে হবে সারা দেশে ধানের শীষের প্রার্থী একজনই। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। মনিরুল হক চৌধুরী, আমাদের মেয়ে কুঁড়ি সিদ্দিকী- এরা ধানের প্রতীক মাত্র।’কুমিল্লার চান্দিনার নির্বাচনী সভা শেষ করে কুমিল্লা-১০ আসনের ওই সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এই আসনের প্রবেশপথ থেকে মটরসাইকেল শোভাযাত্রাসহ মির্জা ফখরুলের গাড়ি নিয়ে আসা হয় সুয়াগাজীর চৌয়ারায় মনিরুল হক চৌধুরীর বাসায়। সেখানে দুপুরে খাবার খেয়ে নির্বাচনী সভায় আসেন ফখরুল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, মিয়া মোস্তাক আহমেদ, আবদুল আউয়াল খান, শামসুদ্দিন দিদার, মইনুল ইসলাম বাবুল, শহিদুজ্জামান মজুমদার প্রমুখ।এর আগে একাধিক অনুষ্ঠানে কাঁদতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।




