আমি নকলা-নালিতাবাড়ী মানুষের কামলি বেটি: মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে দলটির মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এলাকার জনতার উদ্দেশে বলেছেন, আমি নকলা ও নালিতাবাড়ী মানুষের কামলি বেটি।তিনি বলেন, কামলি বেটির কাছ থেকে কাম বুইঝা নেয় মাইনষে। আপনাদের কাছে আমরা পাঁচ বছরের জন্য কামলি বেটি হই। আমি যা করছি আপনারা তা নিজে চোখে দেখছেন। একটা কথা বলি নাই যেটা মিথ্যা।তিনি আরও বলেন, অনেকে মনে করেন মন্ত্রী হিসেবে টিআর-কাবিখা আমি বেশি বেশি পাইছি। একজন সাধারণ এমপি যা পায়, আমি তাই পাইছি। আপনাদের দোয়ার বরকতে আমি কাজগুলো করতে পারছি।বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা নকলা উপজেলার উরফা ইউনিয়নের কোদাল ধোয়া বাজারে আয়োজিত এক পথসভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা কালকে একটা দামি কথা বলছেন, দেশ চালাতে গিয়ে যদি ভুলক্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। আমি তারই পার্টির একজন নগণ্য কর্মী। আর আমার একটু কড়া কথা বলার অভ্যাস আছে। কড়া কথা বলার জন্য যদি কারও মনে কোনো দুঃখ লেগে থাকে তাহলে আমিও আমাদের নেত্রীর মতো আপনাদের কাছে ক্ষমা চাই। দয়া করে নৌকা মার্কায় একটা করে ভোট দেবেন।মতিয়া বলেন, আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন আমরা সবকিছুতেই বাংলাদেশের চেয়ে পেছনে। তাহলে বুঝেন কী অবস্থা! বঙ্গবন্ধুর কন্যা আজ পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন।তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১০ দিনে প্রত্যেকে ১০টি ভোট সংগ্রহ করে ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।
এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার উরফা ইউনিয়নের বিরনেরঘাট, পিছলাকুড়ি বাজার, তারাকান্দা বাজার, লয়খা উচ্চ বিদ্যালয় মাঠ, বারমাইসা বাজারসহ অন্তত ১০টি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।




